একটি সাফল্যের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়েবের ম্যাসেজ, ‘সানডে হোল ডে প্রোগ্রাম ইন আওয়ার ফার্ম হাউস অ্যাট গ্রিনভিল। ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি ইনভাইটেড।’ সোয়েব কি এখন ডাক্তারি ছেড়ে গরু-ছাগল নিয়ে ব্যস্ত!

বাসায় এসে গিন্নিকে বললাম, ‘যাবে নাকি তোমার ভাগনেদের গরু-ছাগলের ফার্মে?’ আমার গাড়ি তো ডিলারের কাছে সার্ভিসিংয়ে দিতে হবে। মেজর প্রবলেম দেখা দিয়েছে। এত দূরের জার্নি। গাড়িটা নেওয়া ঠিক হবে কি না, তাই তেমন উৎসাহ দেখলাম না। শুক্রবারে নামাজের পর সাইফুল ভাইয়ের সঙ্গে দেখা। তাঁর গাড়িতেই যাব সাকিলদের ফার্মে ঠিক হলো। সকাল ৮টার মধ্যে তৈরি থাকতে বললেন। রেখা আপা ও দুলাভাই আবুল মনসুর খানও যাবেন। জ্যামাইকার বাসা থেকে তাঁদের নিয়ে যেতে হবে। কিছুদিন আগে হলে তিনটা গাড়ি লাগত তিনটি পরিবারের জন্য। এখন ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে নিউইয়র্কের বাইরে—বোস্টন, আলবেনি, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। তাই এক গাড়িতেই হয়ে যাচ্ছে।

সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হলো। এত সকালে বিছানা থেকে ওঠা বেশ কঠিন। আগে কোনো ব্যাপার ছিল না। এখন সকালবেলায় কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে শরীরকে যেন টেনেহিঁচড়ে নিয়ে যেতে হয়। দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে ট্রেন ধরা সে এক দারুণ শারীরিক কসরত। কাহিল হয়ে পড়ি। রিটায়ারমেন্ট নিলে কী অবস্থা হবে কল্পনা করতে পারি না।

হাতমুখ ধুয়ে কিচেনে গিয়ে দেখি গিন্নি চা রেডি করে রেখেছেন। ‘অর্ধেক ফ্লাক্স চা! এতে কী হবে?’ ফ্লাক্সটা যথেষ্ট বড়। আলবেনি ওয়াল মার্ট থেকে সেদিন কিনেছি মেয়েকে তার ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে আসার সময়। ‘আমার জন্য মাত্র হাঁফ কাপ অবশিষ্ট! ওকে এতেই চলবে’, গিন্নিকে বললাম।

ছোট কনটেইনারে কিছু বিস্কুট ও ফ্লাক্স নিয়ে ঘর থেকে দ্রুত বের হই। কিছুক্ষণের মধ্যেই সাইফুল ভাই এলে আমাকেই স্টিয়ারিং ধরতে হলো। তাঁদের কাছে এখনো আমি এফিশিয়েন্ট ড্রাইভার। মাত্র তিন ঘণ্টা ঘুমিয়েছি। টেকোনিক স্টেট পার্কওয়ে দিয়ে যেতে হবে। একসময় দু-লেন হয়ে যায় এই হাইওয়ে। পাহাড়ের উঁচুনিচু রাস্তা ধরে ৭০-৮০ মাইল গতিতে সবাই চালায়। রাতে প্রায়ই এই পথ মাড়িয়ে আসা-যাওয়া করি। কখনো ৮০-৮৫ মাইল স্পিড থাকে। হাডসন নদী ঘেঁষে ঠিক প্যারালাল ড্রাইভ করতে হয়। নির্জন রাতে দু পাশে পাহাড়ের চূড়ায় জঙ্গলের মধ্যে প্রাসাদ সদৃশ বাড়িগুলোর মিটমিট করা আলো স্বপ্নের রাজ্যে নিয়ে যায়। সবচেয়ে ভয় কখন হরিণ এসে সামনে পড়বে। ভিয়ার মাউন্টেনের পাশ দিয়ে যাওয়া হাইওয়েগুলো রাতে খুব বিপজ্জনক হয়ে ওঠে। দিনের বেলা অবশ্য এতটা চিন্তার কারণ থাকে না।

জ্যামাইকা থেকে রেখা আপা ও দুলাভাইকে নিয়ে আমরা রওনা দিলাম। দুলাভাই রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তাই স্টিয়ারিংয়ে না বসে পাশের সিটে বসলেন। তা ছাড়া ইদানীং আমিও তাঁকে ভরসা করতে পারি না। অথচ কিছুদিন আগেও বড় ভ্যানে আমরা দুজন তিনটি পরিবার নিয়ে নিউইয়র্ক থেকে শিকাগো ড্রাইভ করে গিয়েছিলাম। রেখা আপার বড় মেয়ে রিমির বর আতিকের কর্মস্থল শিকাগো। আইটিতে কাজ করে। বিরাট করপোরেট অফিস। ওরা সময় পায় না, তাই আমাদের দল বেঁধে যাওয়া। পেছনের সিটে বসে ছেলেমেয়েগুলো একনাগাড়ে গেম খেলছিল। প্রায় হাজার মাইলের ড্রাইভ। আমরা পালাক্রমে ড্রাইভ করেছি। একটুও ক্লান্তি আসেনি। এখন দূরের রাস্তায় দুলাভাইয়ের হাতে স্টিয়ারিং ছেড়ে দিতে চিন্তা করতে হয়। সময় সব পাল্টে দেয়।

আপা গাড়িতে উঠেই আমাকে এক কাপ চা ও একটা ক্রোসান দিলে না করলাম না। আগে বাসায় গিন্নির তাড়াহুড়োর জন্য চা শেষ না করেই চলে এসেছিলাম।

গরম চায়ে চুমুক দিতেই ঘুমঘুম ভাবটা চলে গেল। ক্লিয়ারভিউ এক্সপ্রেস দিয়ে সোজা থ্রো-নেক ব্রিজে উঠে গেলাম। অসম্ভব সুন্দর বিশাল এই ঝুলন্ত সেতু। নিচে সানি মেরিটাইম কলেজ; সমুদ্রের মাঝখানে যেন দাঁড়িয়ে আছে। আমরা এত ওপরে যে নিচের যানবাহন ও বোটগুলোকে খুব ছোট দেখাচ্ছিল। সকালবেলার এই দৃশ্য অপরূপ। অবশ্য সূর্যের তীক্ষ্ণ আলোকরশ্মি মাঝেমধ্যে কিছুটা বিব্রত করছিল।

প্রায় বারোটার মধ্যে আমরা জে পি নর্থ (গ্রিনভিল মাউন্টেন ফার্ম, আপস্টেট) পৌঁছে গেলাম। অনেক বড় গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার। গাড়ি পার্ক করে সামনে এগোতেই একটা বড় স্টোরেজ ফ্যাসিলিটিজের মতো বিল্ডিং চোখে পড়ল। তার কিছু দূরে টেনিস কোর্টের মতো আরেকটা বিরাট ঘর, যেখানে গরু-ছাগল থাকে। ঘরটি সম্পূর্ণ খালি। কেয়ারটেকার গরু-ছাগল জঙ্গলের ভেতর নিয়ে গেছে ঘাস খাওয়াতে। একেবারে বাংলাদেশি কায়দায় যেন মাঠে গরু চরানো। অবাক হওয়ারই কথা। আরও কয়েকটি ঘর আছে, যেখানে কর্মচারীরা থাকে। পাহাড়ের পাদদেশে এই খামার শহরের সব যান্ত্রিকতা ভুলিয়ে দেয়। চারদিকে ঘন জঙ্গল ও পাহাড়। মুরগির দল এদিক-ওদিক দৌড়াচ্ছে। পুকুরে হাঁসগুলো খেলা করছে। শরিফকে দেখলাম ফ্রেশ গরুর মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছে। তাকে সাহায্য করার জন্য সম্ভবত শেফ এগিয়ে এল। আমরা তখনো সকালের নাশতা করিনি। খুব খিদে পেয়েছে। শাকিলকে জিজ্ঞাসা করলাম ওই যে বারবিকিউ হচ্ছে, সেগুলো কাদের জন্য?

যে ব্যক্তিটি বারবিকিউ করছিল, তাকে শাকিল বলল, ‘চিকেন রেডি হয়ে গেলে আমাদের সার্ভ করতে।’ ভুনা খিচুড়ি; সঙ্গে আলু ভর্তা, ভাজি—এসব এখন খেতে অনুরোধ করল। বারবিকিউ রেডি হতে কিছু সময় নেবে। নাশতার পর খামারটি দেখতে যাব।

কিছুক্ষণ পর শামীম মামা এলেন। কিছু দূরে তাঁদের মোটেল আছে, সেটার দেখভাল করেন তিনি। মধ্যপ্রাচ্যে প্রকৌশলী হিসেবে কাজ করতেন আগে। বাংলাদেশ থেকে পুরো কৌশল পাস করে মধ্যপ্রাচ্য চলে যান। অনেক বছর ছিলেন। দু ছেলে সেখানে ইংলিশ মিডিয়ামে পড়ত। তারপর আমেরিকায় এসে গ্র্যাজুয়েশন করে খুব ভালো চাকরি করছে। শামীম মামা এখন রিটায়ার্ড, তাই আমেরিকায় চলে এসেছেন। শাহিদ তাঁদের বড় ভাইকে খামার ও মোটেল দেখাশোনার দায়িত্ব দিয়েছে। ঘুরে দেখতে গিয়ে অনেক সময় চলে গেল। সন্ধ্যার আগেই আমরা খাওয়া-দাওয়া সেরে নিলাম। কারণ, এক শ মাইলের বেশি ড্রাইভ করে নিউইয়র্কে ফিরে যেতে হবে।

ফ্রেশ মাংসের রান্না চমৎকার স্বাদ। বড় বড় টুকরো দেখে মনে হয়েছিল খাওয়া যাবে না। কিন্তু অনেক দিন পর এমন সুস্বাদু রান্না খেলাম। খাওয়ার সময় কয়েকজন গান করছিল। হাডসন থেকে তাঁরা এসেছেন। অনেক বাঙালি থাকেন এই নিরিবিলি ছোট শহরে। অনেক বছর আগে মামুন ভাইকে দেখতে গিয়েছিলাম হার্ডসনে। নিউইয়র্ক থেকে কবে যে অসম্ভব ডানপিটে স্বভাবের মামুন ভাই এই ছোট শহরে আস্তানা গেড়েছিলেন আমার জানা ছিল না। সেখানে অনেকের পথপ্রদর্শক ছিলেন তিনি। তিনি গল্প শুরু করলে হরর মুভিকেও হার মানাত। এই মামুন ভাই শেষপর্যন্ত আমার ক্লাসমেটও হয়েছিলেন। তাই কখনো আপনি আবার কখনো তুমি বলতাম। মামুন ভাই শেষে অসুস্থ হয়ে অল্পদিনের মধ্যেই মারা যান। নিউইয়র্ক শহর যখন টিকে থাকার জন্য কঠিন হয়ে পড়ে, তখন এই ছোট শহরগুলো আমাদের আশ্রয় দেয়। তন্ময় হয়ে তাদের গান শুনছিলাম। বাংলাদেশে শহর থেকে গ্রামে গেলে, যেভাবে বিভিন্ন অনুষ্ঠান দেখে মুগ্ধ হই, ঠিক তেমন মনে হচ্ছিল। দিনের আলো কখন যে ফুরিয়ে গেল।

বাসায় ফেরার পালা। শামীম মামার অনুরোধে আধ ঘণ্টা ড্রাইভ করে তাঁদের মোটেল দেখতে গেলাম। খুব সুন্দর পরিবেশ। কোলাহলহীন নীল পাহাড় ঘেরা এই মোটেলে কিছুদিন থেকে গেলে ভালোই লাগত। অল্প সময়ের মধ্যে তাঁরা অনেক নাশতা টেবিলে এনে রাখলেন। আমাদের পেট পুরোপুরি ভর্তি; তারপরও খেতে হলো।

রেখা আপার বড় মেয়ে রিমিও এসেছিল আলাদাভাবে বর ও তাদের একমাত্র মেয়ে আড়িলাকে নিয়ে। সঙ্গে শাকিলের বড় বোন সেলিনাকেও নিউইয়র্ক থেকে নিয়ে এসেছিল। সেলিনার বর বাংলাদেশে অনেক বড় আমলা। ছেলে দুটো লন্ডনে পড়াশোনা শেষে সেখানেই প্রতিষ্ঠিত। সেলিনার এখন ভাই ও মায়ের সান্নিধ্যে থাকতে ভালো লাগে। তাই নিউইয়র্কে। আড়িলা সারা দিন খেলা করে ক্লান্ত হয়ে গেছে। রিমি তাঁদের লেক্সাস এসইউভি নিয়ে আগেই বেরিয়ে গেল।

আমার মেয়ের ইউনিভার্সিটি এখান থেকে অনেক কাছে; ৪৫ মিনিটের ড্রাইভ। ইচ্ছা হয়েছিল এত কাছে এসেছি যখন, একটু দেখে আসি। কিন্তু গিন্নি বেঁকে বসলেন, ‘এখন ওকে শুধু শুধু ডিস্টার্ব করে কী লাভ? তা ছাড়া আমাদের অনেক দূরে যেতে হবে।’

শাহিদকে এই জায়গায় পৌঁছাতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিউইয়র্ক শহরেও তাদের অনেকগুলো বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আছে। অবশ্য হেনা আপা অর্থাৎ তাদের মা এই সফলতার সম্পূর্ণ কৃতিত্ব নিতে পারেন। তাঁর স্বামী সন্তানদের একেবারে ছোট রেখে মারা যাওয়ার পর তিনিই সংসারের হাল শক্তভাবে ধরেছিলেন। ঢাকা শহরে মতিঝিল সরকারি কোয়ার্টার থেকে তাঁদের জীবনযুদ্ধ শুরু। আমার গিন্নির আপন খালাতো বোন। ঢাকায় খুব কাছাকাছি বাসা থাকায় তাঁদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কোনো ঘাটতি কখনো দেখা দেয়নি। তাই নিউইয়র্কে এসেও বলা যায় তাঁদের প্রতিটি আয়োজনে আমাদের উপস্থিতি খুব কমন হয়ে গেছে। বিস্ময়ে উপলব্ধি করি তাঁদের ভাইদের একতা ও নিজেদের ভালো-মন্দে সিদ্ধান্ত নিতে কারও দ্বারা প্রভাবিত না হওয়াটাই এই সাফল্যের চাবিকাঠি।

পরিবারের আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ একাই এগোতে চান। সাফল্য অনেক সময় তাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ভাইবোনদের পেছনে রেখে একাকী সামনে যাওয়ার মধ্যে কোনো তৃপ্তি বা মর্যাদা নেই। শাহিদ, শরিফ, শাকিল ও সাব্বির তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের যৌথ প্রচেষ্টায় আমেরিকার মাটিতে এ ঈর্ষণীয় অগ্রযাত্রা সবার জন্য অনুপ্রেরণা। অবশ্য সে জন্য নিজেদের যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন হওয়া প্রয়োজন। পরিবারের কেউ একটু রেগে গেলেও ভালো-মন্দ বুঝে শেষ মুহূর্তে কর্তৃত্ব একজনের কাছেই ফিরিয়ে আনতে হবে। সংকীর্ণ বা সংকুচিত মন কখনো স্বাস্থ্যকর নয়। সবাই মিলে এগিয়ে যাওয়ার মধ্যেই তৃপ্তি। হয়তো আত্মকেন্দ্রিক সমাজে এই কনসেপ্ট সম্পূর্ণ অনুপস্থিত। বেশির ভাগ আমরা সেদিকেই ধাবিত হচ্ছি।

মধ্যরাতে পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা উঁচুনিচু রাস্তা ধরে ড্রাইভ করছি। গাড়ির মধ্যে পিনপতন নীরবতা। বিগত দিনের হিসাব মেলাতে হয়তো সবাই ব্যস্ত। পাশে দুলাভাই নাক ডেকে ঘুমাচ্ছেন। আমার তীক্ষ্ণ দৃষ্টি সামনে। একটুও ভুল করা যাবে না। নিস্তব্ধতা ভেঙে রেখা আপা বলে উঠলেন, ‘আপনাকে চা দিই? আপনাদের ফ্লাক্সের চা এখনো শেষ হয়নি, পুরোপুরি গরম আছে।’