
বৃহস্পতিবার রাতের হোয়াইট হাউস। শেষ কর্মদিবসের ইতি টানলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের বাতিগুলো নেভেনি। কিন্তু অধিকাংশ কক্ষই সুনসান। লোকশূন্য। সহকর্মীরা অধিকাংশ চলে গেছেন। নতুন প্রেসিডেন্টের সহযোগীদের জন্য হাতে লেখা কিছু কাগজপত্র রেখে যাওয়া হয়েছে অফিস ডেস্কে। কর্মচঞ্চল করিডরগুলো প্রায় খালি।
বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ওভাল অফিস থেকে শেষবারের মতো বেরিয়ে গেছেন। দেয়ালে টাঙানো ওবামার ছবিও খুলে ফেলা হয়েছে। সরে গেছেন ওভাল অফিসের নিরাপত্তায় থাকা মেরিন সেনা। দূর থেকে দেখলে মনে হবে সুনসান ভুতুড়ে বাড়ি!
হোয়াইট হাইসের শেষ দিনে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপ এবং মধ্যাহ্নভোজন করেন ওবামা। শেষ বিশ্বনেতা হিসেবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় ওবামার স্ত্রী মিশেলও ফোনালাপে যোগ দেন। রাতে ওবামা যখন ওভাল অফিস ছাড়ছেন, এর খানিকটা আগে হোয়াইট হাউসের পাশে লিঙ্কন মেমোরিয়ালে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আয়োজিত কনসার্টে শুরু হয়েছে চোখধাঁধানো বর্ণিল আতশবাজি উৎসব। এর মধ্যেই শেষবারের মতো অফিস ছাড়লেন ওবামা।
হোয়াইট হাউসের যোগযোগ কর্মকর্তাদের যে কক্ষগুলো সব সময় কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে থাকে, তা আজ গা ছাড়া ভাব। সাংবাদিকেরা অনায়াসে যেতে পারছেন। ছবি তুলতে পারছেন। করিডর ও বিভিন্ন কক্ষের ছবি টাঙানোর ফ্রেমগুলো শূন্য।
ওবামার প্রধান মুখপাত্র জস আর্নেস্ট তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন খানিক আগে। তাঁর কক্ষও শূন্য। সেখানে চলা টিভিতে দেখানো হচ্ছে দায়িত্ব নিতে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় কনসার্টের দৃশ্য।
শুক্রবার সকালে ওবামা দম্পতি যখন ট্রাম্প দম্পতিকে হোয়াইট হাউসে চায়ের নিমন্ত্রণ জানান, তখন খুব অল্পসংখ্যক কর্মীই হোয়াইট হাউসে ছিলেন। অভিষেকের দিন সকালে বিদায়ী প্রেসিডেন্ট দম্পতি হবু প্রেসিডেন্ট দম্পতিকে চায়ের নিমন্ত্রণ জানানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ। চা-পর্ব শেষে ওবামা ও ট্রাম্প দম্পতি মোটর শোভাযাত্রায় কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যান। সেখানেই ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প।