একটু এগিয়েছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভালো খবরের মুখ দেখেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার একাধিক জনমত জরিপের ফলে দেখা গেছে, সামান্য হলেও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর দূরত্ব কমেছে।

জুলাই মাসের শেষ সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে পর হিলারি প্রায় প্রতিটি জনমত জরিপে এগিয়ে ছিলেন। নানা বিতর্কে জড়িয়ে পিছিয়ে পড়ছিলেন ট্রাম্প। গত সপ্তাহে নিজের নির্বাচনী ক্যাম্পেইন ঢেলে সাজানোর পাশাপাশি ট্রাম্প কথাবার্তায় সংযত হয়েছেন। লিখিত ভাষণ পড়াও রপ্ত করেছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যানটি এসেছে বিখ্যাত নির্বাচনী বিশ্লেষক নেট সিলভারের কাছ থেকে। বিভিন্ন জরিপের গড় পরিসংখ্যান ব্যবহার করে তিনি জানান, এই মুহূর্তে জাতীয় পর্যায়ে হিলারি ট্রাম্পের চেয়ে ৫ থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এর আগের সপ্তাহের গড় হিসেবের চেয়ে এটি ১ থেকে ২ পয়েন্ট কম। ইলেক্টোরাল ভোটের হিসেবে ট্রাম্পের জয়ের সম্ভাবনাও বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশ। অবশ্য একই মডেলে হিলারির জয়ের সম্ভাবনা ৮৪ শতাংশ। প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

তবে রাজ্য–পর্যায়ের জরিপে হিলারি এখনো এগিয়ে। ওহাইওতে ৬ পয়েন্ট, ফ্লোরিডায় ৯ পয়েন্ট এবং ভার্জিনিয়ায় ১১ পয়েন্টে হিলারি এগিয়ে। জর্জিয়ায় হিলারি ও ট্রাম্পের সমর্থন সমান। এমনকি রিপাবলিকানদের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত মিজৌরি ও টেক্সাসে হিলারি সমানে সমান লড়ছেন। তবে ইন্ডিয়ানা ও মিসিসিপিতে ট্রাম্প সুবিধাজনক অবস্থায় রয়েছেন।