একটু কি ভেবে দেখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী জনগণের না দলের? তিনি কি জনগণের ভোটে নির্বাচিত নন? তিনি তো সবার প্রধানমন্ত্রী। আর আমাদের বাংলাদেশ তো বহুদলীয় গণতন্ত্রের দেশ, সেখানে বহু দল বহু মত থাকবে। সব দল আর মতের ঊর্ধ্বে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। কিন্তু প্রধানমন্ত্রী জেএফকে বিমানবন্দরে নামার দিন থেকে একদল ফুলের মালা, আরেক দল পচা ডিম নিয়ে যেভাবে মল্লযুদ্ধ শুরু করেছে, তাতে আমরা প্রবাসীরা লজ্জিত। এটা একজন প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর নয়, সব বাংলাদেশির কাছে অবমাননাকর।
আমরা কেন আমাদের ঝগড়া দেশে ফেলে আসতে পারি না? কেন আমাদের নিজেদের মারামারি, সংঘাতকে দেশ থেকে বিদেশের মাটিতে টেনে আনি? আর এটা যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য অবমাননাকর ও বেদনাদায়ক নয় কি? রাজনৈতিক দলগুলো যদি বিষয়গুলো ভেবে দেখত, তাহলে আমাদের মতো যারা কোনো দিকে নেই, তারা একটু অবমাননার হাত থেকে রেহাই পেত। আমাদের প্রতিবেশী ভারত, নেপাল ও অন্যান্য দেশেও তো রাজনৈতিক বিরোধিতা তীব্র, তারপরও তারা এভাবে কখনো প্রতিবাদ করে না। প্রতিবাদ অবশ্যই থাকতে হবে, এটা মানি। কিন্তু তার পন্থা কী হবে, সেটাই মুখ্য। প্রবাসে নিজেদের বাংলাদেশি হিসেবে ভেবে যদি তারা পন্থা নির্ধারণ করে, তাহলে সবাই খুশি হবে। আমরাও গর্ব করতে পারব।
একই সংস্কৃতি বিরাজ করছে আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে ও কনস্যুলেটগুলোতে। বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের বাইরের সাধারণত তেমন কেউই দাওয়াত পান না। এমনকি স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসের অনুষ্ঠানে নিউইয়র্ক কনস্যুলেট ক্ষমতাসীন দলের বাইরের কোনো মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, বিশিষ্ট ব্যক্তিত্ব, এমনকি সাংবাদিকেরাও গণনার বাইরে থাকেন। কনস্যুলেট কীভাবে জাতীয় দিবসগুলো পালনকালে দলীয় মঞ্চে পরিণত হয়। বিষয়টি বেদনাদায়ক নয় কি?

আবু চৌধুরী, নিউজার্সি