একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র?

আফ্রিকার নাইজারে আইএসের হামলায় নিহত এক মার্কিন সেনাসদস্যের পরিবারের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে শোকবার্তা নিয়ে জলঘোলা অব্যাহত রয়েছে। ট্রাম্প তাঁর বার্তায় সেনাসদস্যের পরিবারকে অসম্মান করেছেন, ফ্লোরিডা থেকে নির্বাচিত একজন আফ্রিকান-আমেরিকান ডেমোক্রেটিক কংগ্রেসওম্যানের এই অভিযোগের পর, এবার মাঠে নেমেছেন ট্রাম্পের চিফ অব স্টাফ জেনারেল জন কেলি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে তিনি পাল্টা অভিযোগ করেন, একজন সেনাসদস্যের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন কংগ্রেসওম্যান ফ্রেডারিকা উইলসন। প্রেসিডেন্টের ব্যক্তিগত টেলিফোন বার্তা শোনা রীতিমতো অপরাধ। তিনি সেই কাজটিই করেছেন।
জেনারেল কেলি শুধু এ কথা বলেই থেমে থাকেননি। তিনি অভিযোগ করেন, কংগ্রেসওম্যান উইলসন ২০১৫ সালে এক অনুষ্ঠানে দাবি করেছিলেন, প্রেসিডেন্ট ওবামাকে ধরে তিনি দক্ষিণ ফ্লোরিডার এফবিআই ভবন নির্মাণের জন্য ২ কোটি ডলারের ব্যবস্থা করেছেন। কেলি বলেন, কংগ্রেসওম্যান একটা ভাঙা কলসের মতো, তাঁর একমাত্র লক্ষ্য নিজের নাম প্রচার।
কিন্তু কেলির অভিযোগ সত্য নয়। কংগ্রেসওম্যান উইলসন কখনো ২ কোটি ডলার সংগ্রহের দাবি করেননি। বস্তুত তাঁর ৯ মিনিটের সে ভাষণে তিনি শুধু ওই ভবনটি নিহত দুজন এফবিআই এজেন্টের নামানুসারে রাখার জন্য জোর চেষ্টার কথা বলেছিলেন। স্বল্প সময়ের মধ্যে এই কাজ অসম্ভব, সবাই এমন কথা বলা সত্ত্বেও তিনি তৎকালীন কংগ্রেসের রিপাবলিকান স্পিকার জন বেইনার ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ওবামাকে অনুরোধ করে নির্ধারিত সময়ের মধ্যেই ভবন নামকরণের আইন পাস করাতে সক্ষম হন। উইলসনের সেই ভাষণ ফ্লোরিডার একটি পত্রিকা তাদের ওয়েবসাইটে তুলে দিলে স্পষ্ট হয়ে যায় কেলি ভুল বলেছেন। সে ভিডিও উল্লেখ করে কংগ্রেসওম্যান উইলসন কেলিকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন।
ঘটনার এখানেই শেষ নয়। গত শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কেলির দাবি সত্য নয়, এমন প্রশ্ন করা হলে ট্রাম্পের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বলেন, কেলি একজন চার তারকাবিশিষ্ট জেনারেল। তাঁর বলা কথা নিয়ে তর্ক করা অনুচিত। স্যান্ডার্সের এই মন্তব্য বিভিন্ন মহলে তীব্রভাবে সমালোচিত হয়েছে। কেলি একজন সম্মানিত অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল, বর্তমানে তিনি চিফ অব স্টাফ হিসেবে একটি রাজনৈতিক পদে আসীন। প্রশ্ন উঠেছে, চার তারকা জেনারেল বলে কি ভুল কথা বললেও এ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না? সিএনএনের জনপ্রিয় হোস্ট এরিনবার্নেট সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা কি একটি সামরিক একনায়কত্বে পরিণত হচ্ছে?
ট্রাম্পের প্রশাসনের শীর্ষ পদে অবসরপ্রাপ্ত জেনারেলদের আধিক্য নিয়ে বেশ আগে থেকে সমালোচনা শোনা গেছে। শুধু চিফ অব স্টাফের পদ নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরও এখন জেনারেলদের দখলে। এই তিন সাবেক সেনা কর্মকর্তার হাতেই ট্রাম্পের পররাষ্ট্রনীতি ন্যস্ত, অনেকেই এ কথা বলেছেন। তাঁদের কথায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অযোগ্যতার কারণেই এক নয়া ‘সামরিক জান্তা’ মার্কিন রাজনৈতিক নেতৃত্বে চলে এসেছে। রিপাবলিকান সিনেটর বব কর্কার এই তিনজনের নাম না উল্লেখ করে বলেছেন, হোয়াইট হাউস এখন একটি ‘ডে কেয়ার সেন্টার,’ সেখানে এই তিনজনই হলেন পরিণত বয়সের মানুষ।
জেনারেল কেলির সমালোচনা করা যাবে না, হোয়াইট হাউসের এমন দাবি জেনারেলদের কর্তৃত্ব নিয়ে বিতর্কটি নতুন করে উসকে দিয়েছে। একাধিক ভাষ্যকার মন্তব্য করেছেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই জেনারেল কেলি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এসেছিলেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন। তিনি ভুল তথ্য দিয়ে থাকলে তা ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব। নিউ ইয়র্কার ম্যাগাজিনের ক্রিস সিলিজা মন্তব্য করেছেন, কোনো সরকারি কর্মকর্তা, তা তিনি যত বড় ও যত সম্মানিত সামরিক কর্মকর্তাই হোন না কেন, তিনি সমালোচনার ঊর্ধ্বে হতে পারেন না। একই পত্রিকার অ্যান্ডি বরোভিৎস মন্তব্য করেছেন, স্যান্ডার্সের কথার একটাই অর্থ, আর তা হলো একজন জেনারেল মিথ্যা বলবেন, আর কেউ যদি তা ধরিয়ে দেয়, সেটা হবে ‘অদেশপ্রেমমূলক’।