
মিয়ানমারে পরিবর্তন আনার ক্ষেত্রে এখনো অং সান সু চিই সবচেয়ে বড় আশা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিক বিল রিচার্ডসন। তিনি বলেন, সু চিই হলেন একমাত্র ব্যক্তি, যিনি দেশটির সেনাবাহিনীকে থামাতে পারেন।
‘গণতন্ত্রকামী নেত্রী’ সু চির সঙ্গে বিরোধে জড়ানো এবং রোহিঙ্গা সংকট নিরসনে তাঁর সরকারকে পরামর্শ দেওয়ার জন্য গঠিত আন্তর্জাতিক প্যানেল থেকে পদত্যাগের কয়েক দিন পর এ কথা বললেন রিচার্ডসন।
গত শুক্রবার সু চিকে তাঁর দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে রিচার্ডসন বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সেলর হিসেবে সু চি তাঁর অবস্থানে ‘আত্মরক্ষামূলক মানসিকতা’ গ্রহণ করেছেন। তবে পশ্চিমা সরকারগুলোর উচিত তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, মিয়ানমারের সেনাবাহিনীকে দোষারোপের অনেক কারণ আছে এবং আমার বিশ্বাস, সু চিই হলেন একমাত্র ব্যক্তি, যিনি সেনাবাহিনীকে থামাতে পারেন। তাঁর সেটা শুরু করা উচিত।’
গত সোমবার আন্তর্জাতিক ওই পরামর্শক প্যানেলের সদস্যদের সঙ্গে সু চির বৈঠক ছিল। বৈঠকে বিল রিচার্ডসন রোহিঙ্গা সংকট নিয়ে খবর সংগ্রহের দায়িত্বে থাকা রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার বিষয়টিতে আপত্তি তোলেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সু চি। বিষয়টি ভালো লাগেনি রিচার্ডসনের। এর তিন দিনের মাথায় তিনি প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন।