
‘একা চলা কোনো নীতি বা পন্থা হতে পারে না। তা ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র, যার জন্যই হোক না কেন।’ ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তাঝুঁকির মুখে আছে পাশ্চাত্য।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মহাসচিব ট্রাম্পকে এ জোটের সঙ্গে দূরত্ব সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিলেন যুক্তরাজ্যের দ্য অবজারভার পত্রিকায় প্রকাশিত এক কলামে। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে মতপার্থক্য আছে। কিন্তু আটলান্টিকের দুই পারের নেতারা সব সময় স্বীকার করেছেন, ন্যাটোর অনন্য বন্ধন আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। একসঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা ছিল আমাদের গর্বের ইতিহাস।’
গত শনিবার প্রকাশিত লেখাটিতে ন্যাটোর মহাসচিব বলেন, এই প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তাঝুঁকির মধ্যে আছে পশ্চিমা দেশগুলো। ন্যাটোর মাধ্যমে স্বাধীনতা, নিরাপত্তা ও উন্নতি সহজেই নিশ্চিত করা সম্ভব। এই অনিশ্চয়তার সময়ে প্রয়োজন ‘শক্তিশালী মার্কিন নেতৃত্ব’, যার অধীনে ঐক্যবদ্ধ হওয়া যাবে। সর্বোপরি প্রয়োজন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে অংশীদারত্বের গুরুত্ব স্বীকার করা।
নির্বাচনী প্রচারণার সময় ন্যাটোর ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প। এর বিপরীতে প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে আগ্রহ দেখান। ন্যাটোর সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, এটি এখন বাতিল বলে গণ্য হওয়া সংগঠন। এর কোনো প্রয়োজন নেই। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, মিত্ররা অকৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে সুরক্ষা নিয়েছে। কিন্তু যে পরিমাণ অর্থ ব্যয় করার কথা, তা করছে না। অথচ সামরিক সুবিধা ভোগ করছে। ট্রাম্প স্পষ্ট করেই বলেন, যুক্তরাষ্ট্র পর্যাপ্ত অর্থ ছাড়া ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আর প্রস্তুত নয়।
ট্রাম্পের এই প্রচারণার কারণে নির্বাচনে তাঁর জয়ের পর শঙ্কিত হয়ে উঠেছেন ইউরোপীয় দেশের নেতারা। ট্রাম্প অনেকটাই অপ্রত্যাশিতভাবে বিজয়ী হওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিয়ে সামরিক বলয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারই প্রকাশ ঘটেছে ন্যাটোর মহাসচিবের লেখায়।
যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, যুক্তরাষ্ট্র আক্রান্ত হওয়ার পর ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো একসঙ্গে এগিয়ে গিয়েছিল। তিনি অবশ্য স্বীকার করেন, ন্যাটোভুক্ত দেশগুলোর এই সামরিক জোটের জন্য আরও বেশি অর্থায়ন করা উচিত।
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেন, ন্যাটো ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অংশীদার দেশগুলোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও অবদান রাখছে।
এর আগের দিনই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার সতর্ক করে দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্র-ইইউর সম্পর্ককে ‘মৌলিক ও কাঠামোগতভাবে’ নড়বড়ে করার ঝুঁকিতে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে ট্রাম্পের জ্ঞান সীমিত।
ট্রাম্পকে নিয়ে ইইউর সভা: ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র-ইইউর সম্পর্কের সম্ভাব্য গতিপথ নিয়ে আলোচনার জন্য বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল রোববারই ইইউ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বসার কথা ছিল। ইইউর বৈদেশিক নীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি এই বৈঠকের আহ্বান করেছেন। তবে এতে যুক্তরাষ্ট্রের দুই বড় ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও জঁ-মার্ক আইরাউলত যোগ দেবেন না।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই বৈঠকের অর্থ হবে ইইউর দীর্ঘদিনের বন্ধু দেশের নির্বাচনের ফলাফলের ওপর অপ্রয়োজনীয় সন্দেহ করা।