একা হয়ে পড়ছেন ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহকর্মীদের মধ্যে আরও একজন ডিগবাজি খেয়েছেন। ফেডারেল কর্তৃপক্ষ ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের আর্থিক অনিয়মের যে তদন্ত করছে, তার সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছেন ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এলেন ওয়াইসেলবার্গ।
এর আগে কোহেন ও ন্যাশনাল এনকোয়্যারার পত্রিকার মালিক ডেভিড পেকার ফেডারেল তদন্তে সহযোগিতায় সম্মত হন।
কোহেনের মতো ওয়াইসেলবার্গও ট্রাম্পের গোপন তথ্যের ভান্ডারি। তাঁর বাবার সময় থেকেই ওয়াইসেলবার্গ ট্রাম্প অর্গানাইজেশনের আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তাঁর ব্যবসার সব দায়িত্ব নিজের দুই ছেলে ও ওয়াইসেলবার্গের ওপর ছেড়ে দেন। বিশেষজ্ঞেরা একমত, ট্রাম্পের আর্থিক লেনদেনের সব গোপন খবর তাঁর নখদর্পণে। মাইকেল কোহেনের মাধ্যমে এক পর্নো তারকাকে যে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করা হয়, সেটিও ওয়াইসেলবার্গের মাধ্যমেই ঘটে। তিনি এই ঘটনার সত্যতা নির্ণয়ে তদন্তকারীদের সাহায্য করতে পারবেন, সম্ভবত এই বিশ্বাস থেকেই আদালত তাঁকে ইমিউনিটি বা আইনি দায়দায়িত্ব থেকে রেহাই দিয়েছে। এ কথার অর্থ, ওয়াসেলবার্গ কোনো বেআইনি কর্মে নিজের ভূমিকার জন্য শাস্তির ভীতি ছাড়া খোলামেলাভাবে সব সত্য প্রকাশ করতে পারবেন। প্রয়োজন হলে কংগ্রেসের সামনেও শুনানিতে তিনি অংশ নিতে পারবেন।
রাশিয়ার সঙ্গে আঁতাতের প্রশ্নে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলার যে তদন্ত চালাচ্ছেন, তার অংশ হিসেবে এ পর্যন্ত পাঁচজন সরকারের সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছেন। কোহেন এই তদন্তে সরাসরি যুক্ত নন; তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ কর ফাঁকি ও অন্যান্য আর্থিক অনিয়ম। ম্যানহাটনের একটি ফেডারেল আদালত এই প্রশ্নে বিচারকার্য শুরু করেছেন। নিজের অপরাধ স্বীকার করে আদালতে কোহেন আত্মসমর্পণ করলেও তাঁর সঙ্গে এখন পর্যন্ত সহযোগিতার কোনো চুক্তি হয়নি। আইনি বিশেষজ্ঞেরা বলছেন, কোহেনের মাধ্যমে ট্রাম্প পর্যন্ত পৌঁছানো সম্ভব, সে কারণে ম্যুলারের তদন্তকারী দল এই মামলা গভীর আগ্রহের সঙ্গে অনুসরণ করছে। কোহেন নিজেই বলেছেন রাশিয়া প্রশ্নে তাঁর কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সে জন্য ম্যুলারের সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী।
উল্লেখ্য, গত সপ্তাহে ম্যানহাটনের এক ফেডারেল আদালতে কোহেন জানিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনের ফল প্রভাবিত করার লক্ষ্যে ট্রাম্পের নির্দেশেই তিনি পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখবন্ধের অর্থ পেতে সাহায্য করেছিলেন। এটি মার্কিন নির্বাচনী আইনের বরখেলাপ, কোহেন সে কথা স্বীকার করেছেন। আদালত সূত্রে বলা হয়েছে, কর প্রদানে অনিয়ম ও অন্যান্য অপরাধের জন্য কোহেনকে অনধিক পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হতে পারে। একই অপরাধে যুক্ত থাকলেও ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার কোনো নিয়ম না থাকায় ট্রাম্পকে আপাতত কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে না। তবে কংগ্রেস চাইলে তাঁর বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নিতে পারে।
কোহেনের পর ডেভিড পেকার এবং সর্বশেষ ওয়াইসেলবার্গ আর্থিক অনিয়ম প্রশ্নে ফেডারেল তদন্তে সহযোগিতায় সম্মত হওয়ায় ভীষণ ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। এদের প্রত্যেকের কাছে ট্রাম্পের জন্য ক্ষতিকর তথ্য রয়েছে। ‘ফ্লিপিং’ নামে পরিচিত এই ব্যবস্থার প্রতি নিজের উষ্মা প্রকাশ করে ট্রাম্প বলেছেন, এই ডিগবাজি খাওয়ার সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই পরিচিত। ১০ বা ২০ বছরের জেল শাস্তি মওকুফের জন্য এরা তাঁর বিরুদ্ধে মনগড়া কথা বলতে পারে। এই ধরনের ডিগবাজি বেআইনি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন।
কোহেন ডিগবাজি খেয়েছেন, কিন্তু তাঁর সাবেক ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট শাস্তি নিশ্চিত জেনেও ট্রাম্পের বিরুদ্ধে একটি কথাও বলেননি। সে জন্য তিনি ম্যানাফোর্টকে সৎ ও সাহসী মানুষ বলে বাহবা দিয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে ভার্জিনিয়ার একটি আদালত এই ‘সাহসী’ মানুষকেই করা ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর কমপক্ষে ৮০ বছর কারাদণ্ড হতে পারে, তবে ট্রাম্প হয়তো তাঁর প্রতি ক্ষমা প্রদর্শন করবেন।
কোহেন একসময় বলেছিলেন, তিনি প্রয়োজনে ট্রাম্পের জন্য বুলেটের আঘাত গ্রহণেও প্রস্তুত। এমন অনুগত এক ব্যক্তি কেন নিজ ‘বসের’ বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হলেন, তাতে অনেকেই বিস্মিত হয়েছেন। নিজের আইনজীবীর মাধ্যমে কোহেন জানিয়েছেন, তিনি সত্য উদ্ধারে আগ্রহী। সে কারণেই আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর এ কথায় বিশ্বাস করে—এমন লোক খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশের ধারণা, ট্রাম্প তাঁকে ক্ষমা করবেন, এমন কোনো আগাম চুক্তি না হওয়ার জন্যই কোহেন ট্রাম্পের বিরুদ্ধে ‘ডিগবাজি’ খেয়েছেন।
বিশেষজ্ঞেরা বলছেন, মাফিয়া বসদের আইনের আওতায় আনতে এফবিআই অনেক সময় অধস্তন মাফিয়া কর্মীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে থাকেন। ট্রাম্পের ব্যাপারটি তার থেকে খুব ভিন্ন কিছু নয়। তিনি নিজেকে একজন মাফিয়া বস হিসেবে দেখে থাকেন এবং নিজের অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য আশা করেন। সে কথা উল্লেখ করে বিশিষ্ট আইনজীবী জন ডিন মন্তব্য করেছেন, ট্রাম্পের কথা ও কাজ ঠিক একজন মাফিয়া বসের মতো। তাঁর মধ্যে প্রেসিডেন্টসুলভ কোনো ব্যক্তিত্বই নেই।