একাত্তরে ওয়াশিংটনে পতাকা হাতে বঙ্গ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজিয়া উদ্দিন
রাজিয়া উদ্দিন

রাজিয়া উদ্দিন। ইমিগ্রান্ট বা অভিবাসী হিসেবে আমেরিকায় আসা প্রথম বাঙালি নারীদের একজন। পারিবারিক অভিবাসন নিয়ে মার্কিন কংগ্রেস ১৯৬৩ সালে আইন পাস করার পর ১৯৬৫ সালে তিনি আমেরিকায় আসেন। রাজিয়া উদ্দিনের পারিবারিক পদবি ‘বড়লস্কর’। সিলেটের মুহিব উদ্দিনকে বিয়ে করে রাজিয়া বড়লস্কর হয়ে গেলেন রাজিয়া উদ্দিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে ১৯৩৭ সালে জাহাজ থেকে আটলান্টিকের পাড়ে ভাগ্যান্বেষণে নেমে পড়েন মুহিব উদ্দিন। একপর্যায়ে মার্কিন সেনাবাহিনী তাঁকে যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিলে তিনি হাঙ্গার স্ট্রাইক বা অনশন শুরু করেন। আমেরিকার পক্ষে যুদ্ধে না যাওয়ার জন্য তিনি আইনি ঝামেলায় পড়েন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে শেষ পর্যন্ত আমেরিকার নাগরিকত্ব পান তিনি। পঞ্চাশের দশকে দেশে যান। পরে বিয়ে করেন রাজিয়া বড়লস্করকে।

মার্কিন ইমিগ্রেশনে এশিয়ার দেশ থেকে পরিবার আনার বিষয়টি অনুমোদন পেলে রাজিয়া উদ্দিন ১৯৬৩ সালে আমেরিকায় আসেন। নিউজার্সির প্রান্তিক এক নগরীতে মেয়ে অধ্যাপক ডা. ন্যান্সি উদ্দিনের সঙ্গে থাকেন রাজিয়া। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি জানালেন, তিনিই সম্ভবত পারিবারিক ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে আসা প্রথম দিকের কোনো আমেরিকান নাগরিক। তখন তিনি নিউইয়র্ক, নিউজার্সি বা আশপাশে কোন বঙ্গ নারীকে পাননি, যিনি পারিবারিক অভিবাসনের মাধ্যমে আমেরিকা এসেছেন।

গত ৩০ জুলাই সাক্ষাতে রাজিয়া উদ্দিন শোনালেন ভিন্ন গল্প। জানালেন, স্বামী প্রয়াত মহিব উদ্দিনের গল্প আরেকদিন শোনাবেন। এবারে শোনালেন একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের গল্প।

তৎকালীন পূর্ব পাকিস্তানের নাগরিক হিসেবে আমেরিকায় থাকেন রাজিয়া উদ্দিন। তখন এখানে-ওখানে কিছু বাঙালি থাকলেও কারও মধ্যে খুব একটা যোগাযোগ ছিল না। এর মধ্যে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমেরিকায় থাকা বাঙালিরা বসে থাকলেন না। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমেরিকায় বসবাসরত বাঙালিরা রাজপথে প্রতিবাদ করেছেন। বাংলাদেশের যুদ্ধ নিয়ে তৎকালীন মার্কিন নীতির প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ওয়াশিংটনে সেই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন রাজিয়া উদ্দিন।

স্মৃতি হাতড়ে সেই সময়ের কথা জানাতে গিয়ে বললেন, সে সমাবেশে মাত্র দুজন নারী উপস্থিত ছিলেন। তবে বয়সের ভারে অনেকটা নুয়ে পড়া রাজিয়া উদ্দিন কিছুতেই অন্যজনের নাম স্মরণ করতে পারলেন না। বুক টান করে স্মরণ করে বললেন, তিনিই প্রথম বঙ্গ নারী যিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সামনে লাল সবুজের পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। এই অবিস্মরণীয় কনসার্ট আমদের মুক্তিযুদ্ধের ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে। এ কনসার্টের সাক্ষী রাজিয়া উদ্দিন। সোনালি একাত্তর নিয়ে কথা বলতে গিয়ে চোখে ঝিলিক আসে। মুহূর্তে ফিরে যান দূর অতীতে।

আমেরিকায় আসা শুরু দিককার এই বাঙালি নারী সময় পেলে এখনো দেশে যান। সন্তানদের নিয়ে অবসর সময় কাটে নিউজার্সির সবুজে ঘেরা এক প্রান্তিক নগরীতে। দেশের কারও সঙ্গে দেখা হলে, স্বজন পরিবেষ্টিত হলে কথা বলেন সোনালি একাত্তর নিয়ে। জীবনের বেলাভূমে দাঁড়িয়ে ফিরে যান মার্কিন মুল্লুকে এক বঙ্গ নারীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার উত্তেজনায়। জানতে চান কেমন আছে স্বদেশ? কেমন আছে দেশের মানুষ?