একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ চলছে

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, পরিসংখ্যানের বিচারে বিশ্বের অন্যান্য গণহত্যার তালিকায় বাংলাদেশে একাত্তরের গণহত্যা একেবারে প্রথম দিকে অবস্থান করছে। কিন্তু বাংলাদেশ যথাযথ আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। সেই স্বীকৃতি আদায়ে জাতিসংঘে বাংলাদেশ কাজ করছে। স্থানীয় সময় গতকাল শনিবার বেলা তিনটায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ২৫ মার্চ কালরাতের শহীদসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদকে স্মরণ করা হয়। এরপর ২৫ মার্চের গণহত্যার ওপর একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী ভাষণে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ২৫ মার্চের গণহত্যার সত্যতা চাপা দিতে অপপ্রচার চালিয়েছে। এতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ রুদ্ধ হয়েছিল। বর্তমান সরকার দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে সেই স্বীকৃতি পাওয়ার পথ উন্মোচিত হয়েছে।
মাসুদ বিন মোমেন ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র, ঘুমন্ত, নিরপরাধ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর হিংস্র আক্রমণ ও নির্মম গণহত্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা জাতিসংঘের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। গণহত্যা প্রতিরোধবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টার সঙ্গে দেখা করে সরকারের এ-সংক্রান্ত সিদ্ধান্ত জাতিসংঘে উত্থাপনের জন্য বাংলাদেশের উদ্যোগের বিষয়টি অবহিত করেছি।’ সমমনা বন্ধু রাষ্ট্র, মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ এবং গণহত্যাকবলিত দেশগুলোকে নিয়ে জাতিসংঘে ও অন্যান্য বৈশ্বিক প্ল্যাটফর্মে ২৫ মার্চের গণহত্যার পক্ষে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মাসুদ বিন মোমিন। তিনি এ ক্ষেত্রে প্রবাসী বাঙালি, এনজিও, সুশীল সমাজ, মিডিয়া, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও গবেষকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান বলেন, ‘আপনারা অনেকেই এ দেশের নাগরিক। আপনাদের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের কাছে এই গণহত্যার কথা তুলে ধরা।’
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সবার প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন ড. মহসিন আলী ও মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান। আরও বক্তব্য দেন জেনোসাইড-৭১ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বসারত আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুখ আহমেদ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন।