একাধারে আমলা মন্ত্রী সাহিত্যিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আমাদের বয়সী যাঁদের ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দেশভাগের আগের জন্ম, তাদের স্কুল, কলেজের পাঠ্যপুস্তকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাহিত্যক্ষেত্রে মুসলমানদের অনেক ভূমিকা ও উপস্থিতি পরিলক্ষিত হতো। ধীরে ধীরে সিলেবাস বদল হতে হতে, বিশেষত ইতিহাস বারবার পুনর্লিখিত হওয়ার ফলে, ভারতের নানা ক্ষেত্রে মুসলমানদের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের কথা একরকম ধামাচাপা পড়ে গেছে। এর ফলে নতুন প্রজন্মের কাছে তা অজানা আর চোখে না পড়ার ফলে বয়স্কদের কাছেও সেসব স্মৃতিও আর বেঁচে নেই। ভারতের স্বাধীনতাপূর্ব, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তীকাল থেকে এখন পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই মুসলমানদেরও যে অনেক মূল্যবান অবদান আছে, সে সম্পর্কে পাঠকদের জানাতে এই ধারাবাহিক লেখা

হুমায়ূন কবির
হুমায়ূন কবির

হুমায়ূন কবির ছিলেন অত্যন্ত মেধাবী একজন বাঙালি ভারতীয় কবি, ঔপন্যাসিক, গ্রন্থকার, শিক্ষাবিদ, প্রশাসক ও রাজনীতিবিদ। তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে স্নাতক হন। ছাত্রাবস্থায় তিনি অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন। ১৯৩০ সালে তিনি অক্সফোর্ড মজলিশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৩১ সালে তিনি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির সেক্রেটারি হন। ১৯৩২ সালে তিনি জুয়েট সোসাইটির (Jewett Society) প্রেসিডেন্ট হয়েছিলেন। কবির শিক্ষার্থীদের সংবাদপত্র ‘আইসিস’, ‘চেরওয়েল এবং অক্সফোর্ড মজলিশ জার্নাল, ‘ভারত’-এর সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন।

প্রাথমিক জীবন: হুমায়ুন কবিরের জন্ম ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ রাজের অধীনে পূর্ব বাংলার ফরিদপুর জেলার কোমারপুর নামক গ্রামে। তাঁর বাবা খান বাহাদুর কবিরুদ্দিন আহমেদ অবিভক্ত বাংলায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯২২ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি স্টার মার্কস পেয়ে প্রথম হয়েছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি প্রথমে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ও ইংরেজি নিয়ে আইএ পাশ করেন। কিন্তু তাঁর পরীক্ষার ফল তাঁর আশানুরূপ হয়নি। তিনি প্রথম শ্রেণিতে তৃতীয় হয়েছিলেন। এখন এই শিক্ষায়তনটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উন্নীত হয়েছে।

এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স ও এমএ পাশ করেন এবং দুটিতেই প্রথম শ্রেণিতে প্রথম হন। এরপর তিনি বৃত্তি পেয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক্সেটার কলেজে পড়তে যান এবং ১৯৩১ সালে ‘মডার্ন গ্রেট’ অর্থাৎ দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয় নিয়ে প্রথম শ্রেণিতে তাঁর ডিগ্রি শেষ করেন।

কর্মজীবন: তাঁর ডিগ্রি শেষ হলে ১৯৩২ সালে সর্বপল্লি রাধাকৃষ্ণণ ওয়ালটেয়ারে নতুন প্রতিষ্ঠিত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে তাঁকে লেকচারার পদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। পরে তিনি যুগ্ম শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব ও দিল্লিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হন। তিনি দেশের গরিব জনগণের প্রতি খুবই সংবেদনশীল ছিলেন। সে জন্য ট্রেড ইউনিয়ন পলিটিকসে নিজেকে সংযুক্ত করেন এবং কৃষক প্রজা পার্টির একজন মেম্বার হয়ে যান।
১৯৩৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৪৭-৪৮ সালে তিনি ইন্ডিয়ান রেলওয়ে ইনকোয়ারি কমিশনের সদস্য ছিলেন। ১৯৪৬ সালে যখন মৌলানা আজাদ কংগ্রেসের প্রেসিডেন্ট হন, তখন হুমায়ুন কবির তাঁর প্রাইভেট সেক্রেটারি ছিলেন। মৌলানা আজাদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন শিক্ষা মন্ত্রণালয়ের নানা বিভাগের দায়িত্ব তিনি নিয়েছিলেন, যার মধ্যে শিক্ষাবিষয়ে পরামর্শদাতা ও ভারত সরকারের একজন সেক্রেটারির দায়িত্বপূর্ণ কাজও অন্তর্ভুক্ত ছিল। তিনি দুবার ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, একবার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় ও একবার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়।

১৯৫৮ সালে মৌলানা আজাদের মৃত্যু হলে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও সাংস্কৃতিক মন্ত্রীও (মিনিস্টার ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স) হয়েছিলেন এবং ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। ১৯৬৫ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে মাদ্রাজ গভর্নরের পদ দেওয়ার প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি মিনিস্টার অব পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যালস ছিলেন। ১৯৫৬ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৫৭-৫৮ সালে তিনি ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্টেট মিনিস্টার ফর সিভিল অ্যাভিয়েশন) ছিলেন। ১৯৬২ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের বসিরহাট এলাকার প্রতিনিধি হিসেবে লোকসভার সদস্য হন (যেখান থেকে ইদানীং অভিনেত্রী নুসরাত জাহান লোকসভার সদস্য হয়েছেন)।
১৯৪৮ সালে যখন ভারতীয় দল ইউনেসকোতে যায়, তখন তিনি ওই প্রতিনিধি দলের উপনেতা ছিলেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬৪ সাল মেয়াদে ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশানসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসেরও প্রেসিডেন্ট ছিলেন। কংগ্রেস পার্টি ছাড়ার পর ১৯৬৭ সালে তিনি বিরোধী দলগুলোকে সমন্বয় করিয়ে পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকার গঠন করতে যথেষ্ট সহায়তা করেছিলেন।

পারিবারিক জীবন: হুমায়ুন কবিরের স্ত্রীর নাম ছিল শান্তি দেবী। তাঁর মেয়ে লায়লা কবির প্রখ্যাত ও বিতর্কিত বিরোধী রাজনীতিবিদ জর্জ ফার্নান্দেজের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তাঁর ছোট ভাই, জাহাঙ্গীর কবির একজন রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গ বিধান সভার সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গের হাওড়া অঞ্চল তাঁর নির্বাচনী এলাকা ছিল। তাঁর ছেলে ও হুমায়ুন কবিরের ভাইপো আলতামাস কবির ভারতের সুপ্রিম কোর্টের ৩৯তম প্রধান বিচারপতি ছিলেন। আলতামাসের বোন ও হুমায়ুন কবিরের ভাইঝি শুক্লা কবির সিনহা কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন।

মৃত্যু: হুমায়ুন কবীর জীবনের কিছু অংশ কাটান ওডিশার বেরহামপুর শহরের কাছে গোপালপুর-অন-সী নামক সমুদ্র সৈকতে। ভারতে জরুরি অবস্থা ঘোষণার ঠিক আগে জর্জ ফারনান্দেজ তাঁর শ্বশুর হুমায়ুন কবিরের এই সমুদ্র সৈকতের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। জর্জ ফারনান্দেজের নামে যখন পরোয়ানা জারি করা হয়, তখন তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং গ্রেপ্তার ও বিচারের হাত থেকে বাঁচতে এই বাড়িতে লুকিয়ে থাকেন। তবে হুমায়ুন কবির মারা যান ওডিশায় নয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৬৯ সালের ১৮ আগস্ট।

সাহিত্যকর্ম: হুমায়ুম কবির মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীমূলক গ্রন্থ, ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ বইটির অনুবাদ ও সম্পাদনা করেন। মৌলানা আজাদ তাঁর জীবনকথা উর্দুতে আবৃত্তি করতেন, যা শুনে হুমায়ুন কবীর ইংরেজিতে অনুবাদ করতেন। ১৯৫০ সালে ‘রেস’ বা জাতি বিষয়ক প্রশ্ন নিয়ে ইউনেসকোর যে বিবৃতি লিপিবদ্ধ করা হয়, তিনি সেই বিবৃতির খসড়া প্রস্তুতকারকদের অন্যতম ছিলেন।

হুমায়ুন কবির কয়েকটি উঁচু দরের পত্রিকার লেখক ও সম্পাদক ছিলেন যার মধ্যে ছিল, ‘ভারত’, ‘বারোমাসি’ ও ‘চতুরঙ্গ’। তিনি সাহিত্য, সভ্যতা, দর্শন ও রাজনীতি নিয়ে ২০টির বেশি বই লিখেছেন বাংলা ও ইংরেজি ভাষায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ইম্যানুয়েল ক্যান্ট, দ্য ইন্ডিয়ান হেরিটেজ, মানুষ ও নদী, সবুজ ও সোনা, এডুকেশন ইন ইন্ডিয়া, গণতন্ত্র ও সংখ্যালঘু ইত্যাদি। তিনি মাওলানা আলতাফ হোসেন হালীর ‘মুসাদ্দাস’ নামের বিখ্যাত বইটি বাংলায় অনুবাদ করেন।