একুশে স্মরণে গার্ডেন অব মেমোরিসের ভিত্তি স্থাপন হচ্ছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি স্মরণে জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে চলতি মাসেই গার্ডেন অব মেমোরিসের ভিত্তি স্থাপন করা হবে।
কুইন্স বরো প্রেসিডেন্ট শ্যারন লি ৪ মার্চ এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, তিনি দায়িত্ব ছাড়ার আগেই সাবেক বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ ক্যাপ্টেন টিলি পার্কে গার্ডেন অব মেমোরিস প্রতিষ্ঠার জন্য যে অর্থ বরাদ্দ পেয়েছিলেন সেই অর্থেই তিনি পার্কে ভিত্তি প্রস্তর স্থাপন করে যাবেন। কারণ, তাঁর মেয়াদকালে উক্ত বরাদ্দ অর্থ ব্যয় না করলে তা সিটিতে ফেরত যাবে।
প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১ জানুয়ারি থেকে ডেপুটি বরো প্রেসিডেন্ট শ্যারন লি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
৪ মার্চ দুপুর ১২টায় শ্যারন লি ও বরো প্রেসিডেন্টের অফিসে কমিউনিটির লিয়াজোঁ ডিরেক্টর মোহাম্মদ হেকর আমন্ত্রণে জ্যামাইকার বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে বরো অফিসে একটি সভা হয়। ওই সভায় বরো প্রেসিডেন্ট এই তথ্য দিয়ে বলেন, আপনারা যদি আপনাদের দাবি পূরণে চাপ না দেন, তাহলে এই ১৫ লাখ ডলার ফেরত যাবে।
কমিউনিটির নেতারা দৃঢ়তার সঙ্গে গার্ডেন অব মেমোরিসের কাজ শুরু করার অনুরোধ জানালে শ্যারন লি ডিপার্টমেন্ট অব পার্ক প্রতিনিধি ও বরো প্রেসিডেন্টের অফিসের বাজেট ডিরেক্টরের সঙ্গে কথা বলে এই সুখবর জানান।
২৪ মার্চ কুইন্স বরো প্রেসিডেন্ট পদের নির্বাচনের এক সপ্তাহের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্টকে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ কারণেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটিকে আমন্ত্রণ জানান এই সভায়।
সভায় উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা মোরশেদ আলম, শরীফ সরকার, দিলীপ নাথ, রোকেয়া আক্তার প্রমুখ। বৈঠকে সবাই একমত হন, শ্যারনের দায়িত্ব হস্তান্তরের আগেই তাঁরা ক্যাপ্টেন টিলি পার্কে গার্ডেন অব মেমোরিস নামের বেদিটির ভিত্তি প্রস্তর নির্মাণ করবেন। এতে কাজটি শুরু হবে।
তবে বরো প্রেসিডেন্ট জানান, কোনোভাবেই সেখানে কোনো শহীদ মিনার স্থাপন করা যাবে না, গার্ডেন অব মেমোরিস নামের বেদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের কথা উল্লেখ থাকবে।