বুধবারের টিভি বিতর্কের শুরু বা শেষে হিলারি ও ট্রাম্প একে অপরের সঙ্গে করমর্দন করেননি। এক দিন পর, অনেকটা নিমরাজি হয়েই তাঁরা হাত মেলাতে বাধ্য হলেন। বৃহস্পতিবার তাঁরা দুজনে এসেছিলেন নিউইয়র্কের এক অভিজাত হোটেলে ক্যাথলিক চার্চের জন্য ফান্ড রেইজিং ডিনারে।
ডোনাল্ড ট্রাম্প সেখানে তাঁর রসহীন মন্তব্যের জন্য দর্শকদের কাছ থেকে ‘দুয়ো দুয়ো’ ধ্বনি শুনতে বাধ্য হন।
ট্রাম্প সবচেয়ে হাততালি পান নিজের স্ত্রী মেলানিয়াকে নিয়ে এক ঠাট্টায়। তিনি বলেন, আমেরিকার তথ্যমাধ্যম অত্যন্ত একপেশে, তারা সবাই ট্রাম্পের বিরুদ্ধে। প্রমাণ চান? মিশেল ওবামা যখন বক্তৃতা করে, সবাই তা নিয়ে ধন্য ধন্য করা শুরু করে। অথচ সেই একই বক্তৃতা যখন মেলানিয়া দেয়, সবাই রীতিমতো তেড়ে আসে।
ট্রাম্প অভিযোগ করেন, ‘হিলারি এখানে ক্যাথলিকদের মধ্যে বসে ভান করছেন তিনি ক্যাথলিকদের ঘৃণা করেন না।’ একপর্যায়ে দর্শকদের অনেকে দুয়ো ধ্বনি দিয়ে ট্রাম্পের প্রতি তাঁদের অসন্তোষ জানান।
হিলারিও হালকা কথা দিয়ে শুরু করেন। ওবামা মুসলিম, এমন কথা আমেরিকার দক্ষিণপন্থীরা প্রায়ই বলে থাকে। সে প্রসঙ্গ টেনে হিলারি বলেন, হোয়াইট হাউসে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের যে ঐতিহ্যিক সম্মিলনী হয়, তাতে ট্রাম্প আমন্ত্রিত হতে পারেন, কিন্তু বারাক (ওবামা) সে অনুষ্ঠানে আসবেন কী করে? তাহলে তাঁকে ‘মুসলিমদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা’ লঙ্ঘন করে আসতে হবে