এক্সিট ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি এক্সিট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রঙ্কস ইউনাইটেড। ১৭ সেপ্টেম্বর বিকেলে সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-১ গোলে সোনার বাংলাকে হারিয়েছে।
অপরদিকে এক্সিট ফুটবল লীগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ১৭ পয়েন্ট নিয়ে সোনার বাংলা চ্যাম্পিয়ন আর ১৬ পয়েন্ট নিয়ে ব্রঙ্কস ইউনাইটেড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এবারের লীগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলসহ বিভিন্ন পর্যায়ে কৃতি খেলোয়াড় ও দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন।
এক্সিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলে। প্রথমার্ধের ৩ মিনিটের সময় সোনার বাংলা’র অনিক কর্নার কিক থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ৩৫ মিনিটে ব্রঙ্কস ইউনাইটেডের মারুফ ফ্রি কিক থেকে গোল করে খেলায় সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলে খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত আরও ২০ মিনিট খেলার সিদ্ধান্ত হয়। এই সময়ে প্রথম অর্ধের ১০ মিনিট খেলা গোল শূন্য ড্র থাকে। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রঙ্কস ইউনাইটেডের সামি জয়সূচক গোলটি করেন।
খেলা শুরু হওয়ার আগে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
খেলা শেষে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন আবদুল মোমেন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল বাসিত খান বুলবুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, অ্যাটর্নি মঈন চৌধুরী, লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পনসর এক্সিট কার অ্যান্ড লিমো সার্ভিস-এর স্বত্বাধিকারী শমসের আলী। এ ছাড়াও স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক্সিট লীগ চ্যাম্পিয়ন সোনার বাংলা ও রানার্সআপ ব্রঙ্কস ইউনাইটেড এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড ও রানার্সআপ দল সোনার বাংলাসহ লীগের এমভিপি সিদ্দিক (ব্রঙ্কস ইউনাইটেড), বেষ্ট ডিফেন্ডার অনিক (সোনার বাংলা), হাই স্কোরার রকি (ব্রঙ্কস স্টার, ৫ গোল), ইয়ং রাইজিং স্টার দেলোয়ার (ব্রাদার্স অ্যালায়েন্স), ফেয়ার প্লে দল ব্রঙ্কস স্টার এবং বেস্ট গোল কিপার হিসেবে রাহুল (ওজন পার্ক এফসি)-এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অপরদিকে এক্সিট টুর্নামেন্টে এমভিপি হওয়ার গৌরব অর্জন করেন ব্রঙ্কস ইউনাইটেডের সামি।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা নিউইয়র্কে ফুটবল লীগ আয়োজন করে আসছে। এর আগে অনুষ্ঠিত লীগগুলো ছিল শীর্ষ স্পনসরদের নামে ‘ঠিকানা ফুটবল লীগ’, ‘সোনালি এক্সচেঞ্জ ফুটবল লীগ’, ‘এটিএন বাংলা ফুটবল লীগ’, ‘পরিচয় ফুটবল লীগ’ ইত্যাদি। এবার অনুষ্ঠিত হলো ‘এক্সিট ফুটবল লীগ’ নামে।
২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। নিয়মানুযায়ী সব দলের সমন্বয়ে প্রথমে লীগ এবং লীগের শীর্ষ সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।