
ডোনাল্ড ট্রাম্প দেড় বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন রদ করে নতুন আইন চালু করবেন। সে কাজে তিনি ব্যর্থ হয়েছেন নিজের দলের অতিরক্ষণশীল সদস্যদের অনমনীয় অবস্থানের কারণে। ট্রাম্পের ভেতরমহলের কেউ কেউ এই ব্যর্থতার জন্য আঙুল তুলেছেন স্পিকার পল রায়ানের দিকে। তবে ট্রাম্প নিজেও দায়িত্ব এড়াতে পারছেন না। প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে নিজের দলের ভেতরেই। সর্বশেষ জাতীয় জনমত জরিপে দেখা যাচ্ছে, এ মুহূর্তে দেশের মাত্র ৩৬ শতাংশ মানুষ ট্রাম্পের কাজে সন্তুষ্ট।
ট্রাম্পের অন্য একটি মাথাব্যথার বিষয় হলো, নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে তাঁর প্রচারণা দলের সম্ভাব্য আঁতাত নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) যে তদন্ত করছে, তা থেকে সবার দৃষ্টি সরানো। সে জন্য এবং নিজের প্রেসিডেন্সিকে বাঁচাতে হলে ট্রাম্পকে দ্রুত এক বা একাধিক সংসদীয় সাফল্য অর্জন করতে হবে। স্বাস্থ্যবিমা বাদ দিয়ে এখন তিনি তাই নজর দিতে চাইছেন কর ব্যবস্থা ঢেলে সাজাতে। এই কাজে ট্রাম্প স্পিকার রায়ানকে সঙ্গে পেলেও কর ব্যবস্থার সংস্কারের ব্যাপারে দুজনের দৃষ্টিভঙ্গির বিস্তর ফারাক রয়েছে। দলের রক্ষণশীল ও মধ্যপন্থী অংশের মধ্যেও মতভেদ আছে। কাজেই স্বাস্থ্যবিমার মতো এ ক্ষেত্রেও হয়তো ট্রাম্পকে দলের অতি রক্ষণশীল ও অপেক্ষাকৃত উদারনৈতিক অংশের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ট্রাম্প নেতৃত্বের ভার ছেড়ে দিয়েছিলেন স্পিকার রায়ান ও দলের কংগ্রেসনাল নেতাদের হাতে। অনেকের ধারণা, এ কারণেই হয়তো তাঁর এই উদ্যোগ এমন নাটকীয়ভাবে ব্যর্থ হয়েছে। এই ভুলের পুনরাবৃত্তি এড়াতে এবার হোয়াইট হাউস কর সংস্কারের কাজটি পুরোপুরি নিজের হাতে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট।
দেশের ধনাঢ্য ব্যক্তিদের জন্য বড় রকমের কর রেয়াত দিতে চাইছেন ট্রাম্প। মধ্যবিত্তদের জন্যও থাকছে যৎসামান্য রেয়াত। অন্যদিকে রায়ানের প্রস্তাবে মধ্যবিত্তের জন্য কার্যত কোনো রেয়াত নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে পরিবারপ্রতি তাঁদের আগের চেয়ে বেশি আয়কর দিতে হবে। তবে রায়ানের প্রস্তাবে উচ্চবিত্তের জন্য ট্রাম্পের চেয়েও বেশি রেয়াত রয়েছে।
দলনিরপেক্ষ ট্যাক্স পলিসি সেন্টার উভয়ের কর সংস্কার প্রস্তাব নিরীক্ষার পর জানিয়েছে, ট্রাম্প যেখানে মধ্যবিত্তদের জন্য গড়পড়তা ১ হাজার ১০০ ডলার রেয়াত দিতে চান, সেখানে রায়ানের প্রস্তাবে এর পরিমাণ দাঁড়াবে মাত্র ৬০ ডলার। ট্যাক্স পলিসি সেন্টার জানিয়েছে, উভয় প্রস্তাবের ফলেই মোট জাতীয় ঘাটতির পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে যাবে। ট্রাম্প ও রায়ান দুজনেই অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যে আমদানির ওপর অতিরিক্ত ২০ শতাংশ ‘সীমান্ত কর’ আরোপের কথা উল্লেখ করেছেন। এর ফলে সাধারণ ভোক্তাদের ব্যয়ভার বেড়ে যাবে, যা মধ্যপন্থীদের অপছন্দ।
রিপাবলিকান দলের অধিকাংশ সদস্যই কর সংস্কারের পক্ষে, কিন্তু এর ফলে জাতীয় ঘাটতি বেড়ে যাওয়ার বিপক্ষে। ট্রাম্প ও তাঁর মিত্ররা আশা করেছিলেন, তাঁদের প্রস্তাবিত স্বাস্থ্যবিমা আইনটি গৃহীত হলে বড় ধরনের ব্যয় সংকোচ করা যাবে। বিমা খাত ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলার সাশ্রয়ের হিসাব কষেছিলেন তাঁরা। সে আশায় এখন গুড়েবালি। তার ওপর অবকাঠামো খাতে যে উচ্চাভিলাষী পরিকল্পনা করেছেন ট্রাম্প, তার জন্যও বাড়তি এক ট্রিলিয়ন ডলার লাগবে, যা জাতীয় ঘাটতি আরও বাড়িয়ে দেবে। বিষয়টা রিপাবলিকান দলের অতিরক্ষণশীলদের জন্য হজম করা কঠিন হলেও তাঁরা এই মুহূর্তে খানিকটা নমনীয় অবস্থানে। ফ্রিডম ককাস নামে পরিচিত এই অতিরক্ষণশীলদের আপত্তির কারণেই স্বাস্থ্যবিমা আইনটি ব্যর্থ হয়। এ কারণে ট্রাম্পের রোষেও পড়েছেন তাঁরা। আগামী মধ্যবর্তী নির্বাচনে তাঁরা ট্রাম্পের কট্টর সমর্থকদের বিরোধিতার সম্মুখীন হতে পারেন, এই বিবেচনায় এই নেতারা এখন বলছেন, ‘অর্থপূর্ণ কর সংস্কারের জন্য’ তাঁরা কিছুটা অতিরিক্ত ঘাটতি মেনে নিতে প্রস্তুত। অতীতে যেকোনো অতিরিক্ত ব্যয় বরাদ্দের বদলে সমান ব্যয় সংকোচের দাবি করে এসেছে এই গ্রুপ। এর প্রধান মার্ক মেডোস বলেছেন, ব্যয় বরাদ্দ ও ব্যয় সংকোচ যে শতভাগ সমান হতে হবে, তা তিনি মনে করেন না। সমস্যা হলো, এই কথা কি একা মেডোসের, না তাঁর গ্রুপের সবার—তা নিশ্চিত করে বলার উপায় নেই। এই অনিশ্চয়তার কারণে ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ মহলের কেউ কেউ তাই ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। দলের রক্ষণশীলদের কাছে এমন প্রস্তাব ‘মহাপাপের’ সঙ্গে তুলনীয় হলেও ট্রাম্প নিজে সে সম্ভাবনা উড়িয়ে দেননি।
সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেছেন, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য প্রশ্নে তাঁর দল সহযোগিতায় আগ্রহী, তবে এ জন্য ট্রাম্পকে দলের অতিরক্ষণশীলদের সঙ্গ ছাড়তে হবে।