এখন মাইনরিটিদের ক্ষমতায়নের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেটিক দলের বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যান্থনি মিরান্ডা
ডেমোক্রেটিক দলের বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যান্থনি মিরান্ডা

কুইন্সের বিশেষ নির্বাচনে ডেমোক্রেটিক দলের বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যান্থনি মিরান্ডা বলেছেন, রাজনীতির নামে কথা বলার লোকের অভাব নেই। এখন সময় এসেছে মাইনরিটিদের ক্ষমতায়নের।
মাইনরিটিরাই নিউইয়র্ক নগরীর কুইন্সে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। এ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করাই আমাদের রাজনীতি বলে মন্তব্য করেন অ্যান্থনি মিরান্ডা।
১১ মার্চ জ্যাকসন হাইটসে সংবাদমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় অ্যান্থনি মিরান্ডা এসব কথা বলেন। ২৪ মার্চ নিউইয়র্কের কুইন্সে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে শপথ নেওয়ার পর এ পদটি খালি হয়। বিশেষ নির্বাচনে আগাম ভোট দেওয়া যাবে ১৪ এপ্রিল থেকে। আসছে জুন মাসে কুইন্স বরোর নিয়মিত নির্বাচনেও অন্যান্য প্রার্থীদের সঙ্গে থাকছেন অ্যান্থনি মিরান্ডা। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বরো প্রেসিডেন্ট নির্বাচন করবেন কুইন্সে বসবাসরত দলের রেজিস্ট্রার ভোটাররা।
অন্য দুজন প্রার্থীর সঙ্গে নির্বাচন করছেন আলোচিত এ সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান্থনি মিরান্ডা। তাঁর কারণেই মাইনরিটি পুলিশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। মজুরি বৈষম্য অবসানে আইনগত লড়াইয়ের মাধ্যমে তিনি বিজয়ী হয়েছিলেন। ল্যাটিনো কমিউনিটির ব্যাপক সমর্থন নিয়ে নির্বাচন করছেন তিনি।
স্পেশাল এ নির্বাচনে ডেমোক্র্যাট দলের বরো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এর পর আগামী ২৩ জুন ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন।
প্রথমবারের মতো বেশ কিছু নতুন প্রজন্ম বাংলাদেশি আমেরিকার মূলধারার এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অ্যান্থনি মিরান্ডা প্রথমবারের মতো হিস্পানিক, এশীয় ও কৃষ্ণাঙ্গদের নিয়ে বেশ বড় জোট গড়ে তুলেছেন। এই জোটে বাংলাদেশি প্রার্থীও মাঠে নেমেছেন।
মতবিনিময় সভায় দলের ডিস্ট্রিক্ট লিডার নির্বাচন করছেন, এমন কয়েকজনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আলোচনায় অংশ নেন ডেমোক্র্যাট দলের সংগঠক জ্যাকব মিল্টন, সাংবাদিক নাজমুল আহসান, নিরু নিরা, এ বি এম সালাউদ্দিন, শাহ শহীদুল হক প্রমুখ। বাংলাদেশি প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইশতেহাক চৌধুরী, মোবাশ্বেরা বেগম, আলম চৌধুরী, সাঈদা আখতার, সাইফুল ইসলাম প্রমুখ।
নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশিদের স্বাগত জানিয়ে অ্যান্থনি মিরান্ডা বাংলাদেশি প্রার্থীদের সাফল্য কামনা করেন।