এখনই তো সময় ভালোবাসার
দেখুন, কী নীরব-নিস্তরঙ্গ হয়ে গেছে আমাদের চারপাশটা। কখনো কখনো নিজের কাছেই অচেনা লাগছে, এই পথঘাট। বদলে গেছে দিনের রং, আমাদের নিজেদের দিনমান। মুহুর্মুহু আসে মানুষের মৃত্যুর খবর, শঙ্কার খবরগুলো আসে হাতের মুঠোয় থাকা যন্ত্রে। ভালো লাগে না; ভালো লাগে না কিছুতেই। না ঘর, না বাহির। না দিন, না রাত। না কাছে থাকা, না দূরে থাকা। না ঘুম, না জেগে থাকা। এ কেমন বসন্ত বলুন! বিরহ-বেদনা ভরা এ কেমন রোদ! আমের মুকুল কবে ঝরে গেছে, দেখা নেই ফলের। রসহীন শজনে ডাঁটা নিয়ে বিষণ্ন ফেরিওয়ালার ডাক আকুতির মতো লাগে। কোথাও নিমন্ত্রণ নেই, কোথাও আড্ডা নেই। সুর, সংগীত, কবিতা এমনকি খেলাধুলার আসরজুড়েও নেমে এসেছে অদ্ভুত শূন্যতা।
একটা ভাইরাসে আজ অসুখী পুরো দুনিয়া। কত শত অহংকার বুকে পুষে রাখত যে মানুষ, সেও আজ হাত পাতছে সাহায্যের আশায়। হৃদয় খুবলে খুবলে খাচ্ছে বোবা কান্না। ফিরে আসে প্রিয় কবি জন কিটসের কথা, ‘Where but to think is to be full of sorrow!’ অথবা জীবনানন্দ, ‘ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে।’ গভীর দহন লাগে কেবল, শান্তি মেলে না, শান্তি মেলে না। কী ভেবে যে এলিয়ট বলে গিয়েছিলেন, ‘April is the Cruelest Month’, কোনো কূল মেলে না।
আমাদের দেশটা নানা কারণে একটু বেশি ন্যুব্জ। ঘনবসতি আর দারিদ্র্য তো আছেই। নানামুখী এত সংকট জীবনের চারপাশ ঘিরে। সহজ সরল মানুষগুলো জীবনের মানে অতটা খোঁজে না, অঙ্কে বড় কাঁচা এরা। দু মুঠো ভাত খেয়ে সন্তান পরিজন নিয়ে বেঁচে থাকাটাকেই সুখ বলে জানে ওরা। রাজনীতির কূটচাল ওদের মাথায় ঢোকে না। আরেক শ্রেণির মানুষ, লুটেপুটে খাচ্ছে সব। এদের তৃপ্তি নেই, এদের ক্ষুধা মেটে না কখনো। ‘করোনা’র দুর্দিনে, ওরাই আগে হাত পাতে। এত নগণ্য এখানে নীতি-নৈতিকতার দাম যে, কান পাতলেই শুধু হাহাকার ভেসে আসে। বৈশ্বিক এই মহামারিতে আমাদের এই দেশ তাই কতটুকু কুলিয়ে উঠতে পারবে—ভাবলেই শিউরে ওঠে গা। এখন, প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানীর বাইরে হচ্ছে টেস্ট। কিন্তু উন্নত দেশের তুলনায় আমাদের চিকিৎসা ব্যবস্থা তো একেবারেই নাজুক। কতটুকু কুলাতে পারব আমরা! জীবন-মৃত্যুর এ নিষ্ঠুর খেলায় কে জিতবে আর কে যে হারবে!
আমাদের স্বাস্থ্যসেবা, এমনিতেই রুগ্ণ, অপ্রতুল। সারা বছরই লেগে থাকে ‘নাই, নাই’ ধ্বনি। ল্যাব নাই, টেকনিশিয়ান নাই, চিকিৎসক নাই, ভুল চিকিৎসা—এসব তো নিত্য সংবাদ। এর মধ্যে যে রোগের নিরাময় এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, তা কীভাবে মোকাবিলা করবে? তবে হ্যাঁ, করোনা থেকে বাঁচার জন্য যে সাবধানতা অবলম্বন করা দরকার, যে সচেতনতা প্রয়োজন সেগুলো হয়তো পালন করা গেলে কিছুটা বাঁচা যাবে। সেই লক্ষ্যে আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। তবুও বিপত্তি পদে পদে।
এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসার, সহমর্মিতার। বলি, এখনই তো সময় ভালোবাসার। মানুষ, মানুষের পাশে দাঁড়াবে। মানুষের দুঃখগুলো নিজের বুকের উষ্ণতা দিয়ে উড়িয়ে দেবে। মানুষ, মানুষকে বলবে, ‘ভয় নেই’। আমাদের পেশা যাই হোক, বয়স যাই হোক, সামাজিক, আর্থিক অবস্থান যাই হোক, আমাদের সবার ভেতরে একই হৃদয়। সেই হৃদয় নিয়ে যদি মানুষের অভিযোগ শুনি, বেদনার কথা শুনি—তবে অনেক কিছুরই সমাধান হয়ে যাবে দ্রুত। আর করোনা-আক্রান্ত মানেই তো মৃত্যু নয়। এ পর্যন্ত এ রোগে যতজন মারা গেছে, তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ সুস্থ হয়েছেন। করোনা-আক্রান্ত রোগীকে তাই অপরাধী বানানোর কোনো সুযোগ নেই। সামাজিক, পারিবারিক—সব জায়গা থেকে তাদের সাহস দিতে হবে। ভালোবাসা পেলে কত অসুখই তো সেরে যায়। আমাদের দেশে দেখছি, একজন করোনা রোগী শনাক্ত হওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই হুমড়ি খেয়ে পড়েন নানা তথ্য প্রচার করে। এটা মোটেও কাম্য নয়।
সংকটে সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। আমাদের ‘আম’ মানুষদের সচেতন করতে হবে সবাই মিলেই। ভয় দেখিয়ে, আঙুল উঁচিয়ে মানুষকে বোঝাতে পারে না কেউই। এটা গরিব, দুঃখী মানুষের দেশ, আউল-বাউল, পীর-ফকির আর সাধক-বৈষ্ণবদের দেশ। ধর্মভীরুতা এ সমাজের এখনো একটা বড় অংশজুড়ে রয়ে গেছে। এক কথা একবারে কাউকে বোঝানো মুশকিল। সবাইকে তাই ধৈর্যের পরিচয় দিতে হবে। মানুষের ভেতরের বোধটাকে জাগিয়ে তুলতে হবে। এই বিপদগ্রস্ত সময়ে কোনো বিভেদ রেখা যেন কোথাও দেখা না যায়। মানুষের কাছে মানুষেরই টিকে থাকার পরীক্ষা এটি। খুব সাবধানতা, খুব সচেতনতা ছাড়া এ রোগের আর ওষুধ কী!