
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি এখনো মনে করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারবেন না। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে বলেই এমন মনে করছি।’ গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়াতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ওবামা এ কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ উল্লেখ করে ওবামা বলেন, বিষয়টি টেলিভিশনের টক শো বা রিয়ালিটি শো নয়। প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কঠিন কাজ।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে যাবেন কি না, ওবামা সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে যান। রিপাবলিকান দলের ‘বিশৃঙ্খল অবস্থার’ উল্লেখ করে তিনি বলেন, বাইরের দেশের পর্যবেক্ষকদের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন বিষয়ে রিপাবলিকান দলের অবস্থান এবং মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে তাদের উদ্বেগ এর কারণ বলে তিনি উল্লেখ করেন।
ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচার থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘ওবামা আমাদের অনেক পিছিয়ে দিয়েছেন। ফলে তাঁর সমালোচনা আমার জন্য প্রশংসা বলে মনে করছি।’
দলের বাছাইপর্ব নিয়ে রিপাবলিকান দলের প্রার্থীরা এখন চষে বেড়াচ্ছেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। একে অন্যকে মিথ্যাবাদীও বলছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ তাঁর ভাই জেব বুশের জন্য বিরামহীন প্রচারণায় যোগ দিচ্ছেন। এ অঙ্গরাজ্যে জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন।
সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দলের বাছাইপর্ব হবে ২০ ফেব্রুয়ারি। একই দিনে নেভাদায় ডেমোক্র্যাট দলের ককাস।
ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সম্পর্কে নিজের সমর্থন এখনো প্রকাশ্য করেননি প্রেসিডেন্ট ওবামা। তবে বলেছেন, হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানের অনেক মিল রয়েছে। বেশ কয়েকটি বিষয়ে হিলারির সঙ্গে তাঁর মতৈক্য রয়েছে। আবার এগিয়ে থাকা অপর প্রার্থী বার্নি স্যান্ডার্সও তাঁর বেশ কিছু নীতির সঙ্গে একমত বলে উল্লেখ করেছেন ওবামা। তবে স্যান্ডার্সের চেয়ে হিলারিকে ঘনিষ্ঠভাবে জানেন উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘হিলারি ক্লিনটন আমার প্রশাসনে কাজ করেছেন। তিনি একজন চমৎকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।’
জনমত জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও প্রচারণায় দ্রুত তাঁর সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন স্যান্ডার্স।