সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখে উল্লাসমুখর জনতা বলতে থাকে, ‘এখনো আপনি আমাদের প্রেসিডেন্ট।’ ২৪ সেপ্টেম্বর রোববার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেলকে নিউইয়র্ক নগরীর ব্রুকলিনের গ্রিনউইচ ভিলেজে উল্লসিত জনতা চিৎকার করে বলতে থাকে, ‘আপনি এক নম্বর। এখনো আপনি আমাদের প্রেসিডেন্ট।’ অ্যাপার্টমেন্ট থেকে নেমে ওবামা ও তাঁর স্ত্রী নিজেদের গাড়ির দিকে যাওয়ার সময় জনতা তাঁদের ঘিরে ধরে।
এ সময় এক সমর্থককে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমরা আপনাকে ভালোবাসি।’ এ সময় ওবামা হাত নাড়ছিলেন। আর মিশেলের মুখে ছিল মুচকি হাসি। আরেকজন বললেন, ‘এখনো আপনি আমার প্রেসিডেন্ট। আপনি এক নম্বর। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’
উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত
একটি সম্মেলনে বক্তৃতা করার জন্য ওবামা সস্ত্রীক নিউইয়র্ক নগরীতে এসেছিলেন। তাঁরা কিছু সময়ের জন্য গ্রিনউইচ ভিলেজে অবস্থান করেন। ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত ঐতিহাসিক স্বাস্থ্য বিল রহিত করার জন্য রিপাবলিকানদের বারবার উদ্যোগের মুখে সাবেক প্রেসিডেন্ট নিউইয়র্ক সফরে এলেন।
১৭ সেপ্টেম্বরের সম্মেলনে ওবামা স্বীকার করেছেন, ‘ওবামা কেয়ার’ বাতিল করার জন্য হোয়াইট হাউসের বারবার উদ্যোগ নেওয়ায় তিনি হতাশ। রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগুরু হলেও ‘ওবামা কেয়ার’ বাতিলের পক্ষে ৫১ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে অ্যারিজোনা, আলাস্কা, মেইন ও কেন্টাকির রিপাবলিকান দলীয় সিনেটররা ট্রাম্প প্রশাসন কর্তৃক আনীত বিলের বিপক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।