মার্কিন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো জনসাধারণের ব্যক্তিগত ই-মেইলে নজরদারি করছে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। সংবাদভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘জন অলিভার টুনাইট’-এর উপস্থাপক জন অলিভারের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর এএফপির।
হাস্যরসাত্মক সাপ্তাহিক টিভি অনুষ্ঠানটি গত রোববার প্রচারিত হয়। ব্রিটিশ উপস্থাপক অলিভারকে মস্কোয় দেওয়া বিরল ওই সাক্ষাৎকারে স্নোডেন বলেন, যুক্তরাষ্ট্র এখনো প্রত্যেকের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। আর এসবের মধ্যে মানুষের যৌন জীবনাচরণের মতো গোপনীয় বিষয়ও রয়েছে।
মার্কিন গোয়েন্দা বিভাগের নজরদারি কার্যক্রমের তথ্য ফাঁস করে আলোচিত হন স্নোডেন। সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য দিয়ে সন্ত্রাসবিরোধী বর্তমান অভিযানকে ঝুঁকিতে ফেলে দেওয়ার দায় তাঁকে নিতে হবে বলে ওই অনুষ্ঠানে জোর দিয়ে বলেন অলিভার। তবে মুক্ত সমাজে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং নজরদারি কার্যক্রমের মধ্যে ভারসাম্য থাকা উচিত বলে স্নোডেন যে বিতর্ককে সামনে নিয়ে এসেছেন—তার প্রতি সহমতও প্রকাশ করেন তিনি। মার্কিন নাগরিক স্নোডেন দেশ ছাড়ার পর হংকং হয়ে বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোয় আশ্রয় নিয়ে রয়েছেন।