এখনো কিমের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়েছেন এক বছরের কিছু বেশি সময় আগে। এখনো ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ রেখেছেন বলে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন এক সময় এ তথ্য সামনে এসেছে যখন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবেরম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন। ‘দি কনফিডেন্স ম্যান’ নামের বইটি শিগগিরই প্রকাশিত হবে। ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের এখনো যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন।
এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হাবেরম্যান বলেন, ‘আমরা সবাই জানি, কিম জং–উনের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বেশ অকপট ছিলেন। এমনকি হোয়াইট হাউস ছাড়ার পরও কিমের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।’ তবে হাবেরম্যানের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ট্রাম্প।
ক্ষমতায় থাকাকালে কিম জং–উনের সঙ্গে দুই দফা বৈঠক করে আলোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় কিম ও ট্রাম্পের ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগ ও সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা–সমালোচনা হয়েছিল। ২০১৮ সালে ট্রাম্প মন্তব্য করেন, তিনি ও কিম চিঠি চালাচালি করছেন। তাঁদের মধ্যে একটি হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে।
তবে দুই নেতার এমন হৃদ্যতা উত্তর কোরিয়া ইস্যুতে অশান্তি ও অনিশ্চয়তা দূর করতে কার্যত সফল হয়নি। কিম জং–উনের উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কার্যক্রম থেকে সরিয়ে আনতেও সফল হননি ট্রাম্প। এ ধারাবাহিকতায় গত জানুয়ারির শেষদিকে উত্তর কোরিয়া মাঝারি পাল্লার হোয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ২০১৭ সালের পর পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি।