এখনো দলের মধ্যে ট্রাম্পকে বাদ দেওয়ার দাবি
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের মনোনয়ন-দৌড়ে এগিয়ে যাওয়া সত্ত্বেও এখনো দলের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেওয়ার দাবি উঠছে। দলের অনেকেই মনে করছেন, তিনি প্রার্থী হলে শুধু তিনি একাই ডুববেন না, দলও ডুববে। এমনকি ট্রাম্পের কারণে মার্কিন কংগ্রেসে দলের চলতি নিয়ন্ত্রণও দলের হাতছাড়া হয়ে যেতে পারে।
ট্রাম্পের প্রতি দলীয় নেতাদের বিরক্তির সর্বশেষ উদাহরণটি এসেছে আইওয়া থেকে। সেখানকার স্টেট সিনেটর ডেভিড জনসন ট্রাম্পের প্রার্থিতার প্রতিবাদে রিপাবলিকান দল থেকে পদত্যাগ করে নিজেকে ‘স্বতন্ত্র’ হিসেবে ঘোষণা করেছেন। মেক্সিকান বংশোদ্ভূত একজন বিচারকের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনায় ক্রুদ্ধ জনসন বলেন, আব্রাহাম লিংকনের দলে এমন বর্ণবাদী নেতার অবস্থান কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, আগামী মাসে ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের সম্মেলন, যেখানে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন দেওয়ার কথা, সেখানে মনোনয়ন-প্রক্রিয়ার নীতিমালা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন খ্যাতনামা ‘টক রেডিও হোস্ট’ হিউহিউয়িট। সম্মেলনে উপস্থিত ডেলিগেটরা সম্মত হলে ট্রাম্পকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব বলে তিনি মত দিয়েছেন। তিনি ট্রাম্পকে ‘ক্যানসারের চতুর্থ ধাপ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘রোগ যখন এতটা গড়িয়েছে, তাকে উপেক্ষা করার আর কোনো উপায় নেই।’
একই কথা বলেছে রক্ষণশীল রাজনৈতিক সাপ্তাহিক উইকলি স্ট্যান্ডার্ড। এক সম্পাদকীয় নিবন্ধে এই পত্রিকা ২০১২ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছে। আমেরিকার জাতীয় স্বার্থে ও রিপাবলিকান দলের ঐতিহ্য ধরে রাখতে এ ছাড়া অন্য কোনো পথ নেই বলে পত্রিকাটি মন্তব্য করেছে। মিট রমনি অবশ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারের এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখাননি।
অধিকাংশ বিশ্লেষক একমত, ট্রাম্প রাতারাতি তাঁর ভাবমূর্তি বদলে না ফেললে নভেম্বরের আইন পরিষদের নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ বা সিনেট রিপাবলিকানদের হাতছাড়া হয়ে যাবে। ‘রিপাবলিকানবিরোধী একটি ঢেউ আসছে, ঠিক কত বড় ঢেউ তা আমরা জানি না।’ এ কথা বলেছেন ডেমোক্রেটিক কমিটির অন্যতম মুখপাত্র স্যাম লু। তিনি এই ঢেউকে সুনামির সঙ্গে তুলনা করেছেন।