এখনো সব শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল পুরো নিউইয়র্কের বাঙালি নারীদের মাঝে। আয়োজন ছিল প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের নকশা’র বর্ষপূর্তি এবং নতুন পাতা ‘অনুগল্প’-এর উদ্বোধন।
এর জন্য কয়েক মাস আগর থেকেই শুরু হয় ভাবনা। নতুন কিছু করতে হবে। অনেক জল্পনা কল্পনার পর ঠিক হলো সেদিন ফিরে যাব ষাটের দশকে। সবাইকে অনুরোধ করা হবে ষাটের দশকের পোশাক ও সাজে যেন সেজে আসেন।
কেন ষাটের দশকে ফিরে যাওয়া? সারা দুনিয়ায় যেখানে কাঁপছে গ্ল্যামার জ্বরে। যেভাবেই হোক দৌড়ে সামনে আগাতে হবে। সামনে আগাতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা দরকার সে বিষয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। নিজের মতো ছুটছে সবাই।
প্রথম আলোর একটি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ষাটের দশক আমাদের দেশের সোনালি দশক। সাংস্কৃতিক দিক থেকেও এটা ছিল বিদ্যা চর্চার দশক। এই দশক আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। তখন যে ঐক্য গড়ে উঠেছিল তারই প্রতিফলনে ঘটেছে মুক্তিযুদ্ধ।
পুরোনো গান, চলচ্চিত্র, সাজসজ্জার আবেদন সর্বকালের। নতুন যুগেও প্রাত্যহিক জীবনে পুরোনো দিনের আবহ অনুকরণে ফ্যাশনে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। পুরোনো সাজসজ্জা, পোশাক আর গানে আমরা হারিয়ে যাই। আমাদের মনের মণিকোঠায় নস্টালজিকতা ভর করে।
কোনো রকম প্রচারণা ছাড়াই শুধু ফেসবুকের মাধ্যমে দাওয়াত দিয়ে জানানো হয়েছিল, ষাটের দশকের সেরা সাজের জন্য পুরস্কার দেওয়া হবে। এই প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে সুন্দরের জন্য নয় শুধু সাজের জন্য পুরস্কার দেওয়া হবে। বিকেল থেকেই একে একে সবাই জুইস সেন্টারে আসতে থাকেন। নানা বয়সী ৫০ জনেরও বেশি প্রতিযোগী এসেছেন। অনেকে দেরিতে আসায় রেজিস্ট্রেশন করতে পারিনি। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, যারা সুচন্দা, শবনম, কবরী, রোজি সামাদ, শাবানা, সুজাতা, ববিতা, অলিভিয়া সেজে এসেছেন তাঁদের কারওরই ষাটের দশকে জন্ম হয়নি। মোটামুটি সবাই ছিলেন যুদ্ধ পরবর্তী প্রজন্ম। তাঁদের অনেকেরই লেখাপড়া-বেড়ে ওঠার জায়গা এই আমেরিকা। তাঁদের কাছে দেশের তেমন স্মৃতি নেই। অবাক লেগেছে এই প্রজন্মের কাছে ষাটের দশকের আবেদন দেখে। অবশ্যই বলতে হবে পরিবারের সদস্যদের কাছ থেকেই শিখেছে, জেনেছে এসব।
মনে হয়েছে এখনো সব শেষ হয়নি। এখনো যদি ভালো সিনেমা হয় এই প্রজন্ম হলে বসেই বাংলা সিনেমা দেখবে। তাদের কাছে বাংলা গানেরও আবেদন আছে। শুধু নতুন সৃষ্টির দরকার।
সাজের সেরার স্বীকৃতির জন্য ছিল না কোনো মঞ্চ। ছিল না নিয়ন আলোর ছটা। তারপরও হলভর্তি ষাটের গ্ল্যামারের স্বর্গরাজ্য। সিনে দুনিয়ার মেধার আলোর মতোই এখানে ঝলকে উঠেছে ষাটের ফ্যাশনের চমক। আয়োজনে তাকিয়ে ছিল পুরো শহর। নিউইয়র্কের বাঙালিরা চলে গিয়েছিল ষাটের দশকের গ্ল্যামার দুনিয়ায়।
এই যুগে অভিনেত্রী জুলিয়ান মুর, ডাকোটা জনসন, জেনিফার অ্যানিস্টোন, ফেলিসিটি জোনস, রোজামন্ড, লুপিতা নিয়োগি, এমা স্টোন—এক বাক্যে এঁদের সবাই চেনে। পাশের দেশের কথা আর নাই বা বলি। এই যুগে এমন বাঙালি সাজে সজ্জিত নারীদের খোদ এশিয়ায় কতজন দেখেছেন এ নিয়ে সন্দেহ আছে।