এটিএম মেশিন থেকে বেরোবে পিৎজা!

পিৎজা খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু রেস্তোরাঁ বা পিৎজা হাটে যেতে ইচ্ছে করছে না। মোড়ে রেস্তোরাঁও নেই। তাহলে কী ইচ্ছে পূরণ হবে না! হবে। নর্থ আমেরিকায় অন্তত তাই হতে যাচ্ছে। এবার ইচ্ছে হলেই খাওয়া যাবে পিৎজা। রেস্তোরাঁয় লাইন দেওয়ারও ঝামেলা থাকবে না এতে।
ভাবছেন কীভাবে! এত দিন তো এটিএম বুথ টাকা নিয়ে গিয়ে রেস্তোরাঁয় পিৎজার বিল পরিশোধ করতে হতো। আর এবার ওই এটিএম বুথ থেকে টাকার নয়, বের হয়ে আসবে পিৎজা।
এনডিটিভি অনলাইনের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটি ও জাভিয়ার ইউনিভার্সিটিতে এই পিৎজা বুথ স্থাপন করা হচ্ছে। খুব শিগগির পিৎজা প্রেমীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। সম্প্রতি সিনসিনাতির জাভিয়ার ইউনিভার্সিটি ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে উত্তর আমেরিকায় প্রথমবারের মতো পিৎজা এটিএম স্থাপন করছে।
পালিন নামে ফ্রান্সের ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটিএম মেশিনটিতে একসঙ্গে ৭০টি পিৎজা রাখা যাবে। মেশিনের টাচ স্ক্রিনে নির্দেশনা মেনে ১০ ডলার দিলেই মিলবে একটি পিৎজা। তবে ডলার দিলেই সঙ্গে সঙ্গে আসবে না পিৎজা। তা কিছুক্ষণ গরম হবে এরপর একটি বোর্ডে করে বেরিয়ে আসবে। তবেই হাতে পাওয়া যাবে গরম-গরম পিৎজা।