এনএসএ পাকিস্তানি মোবাইল ব্যবস্থা হ্যাক করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) পাকিস্তানের টেলিযোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করেছিল বলে যে অভিযোগ রয়েছে, তার পক্ষে উইকিলিকস নথিপত্র প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সরকারের গোপন তথ্য ফাঁস করে আলোচিত ওয়েবসাইটটি টুইটারে বলেছে, শ্যাডোব্রোকার্স নামের একদল হ্যাকার নতুন কিছু তথ্য দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় এনএসএর প্রবেশের চিহ্ন মিলেছে।
হ্যাকারের দলটি গত আগস্টে এসব তথ্য পেয়েছে। তবে এগুলো প্রকাশের ব্যাপারটা ধাপ্পাবাজিও হতে পারে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন।
শ্যাডোব্রোকার্স গত শনিবার এসব নথির পাসওয়ার্ড সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে প্রকাশ করেছে। ফলে যে কেউ এখন সেই ডেটাবেইসে ঢুকতে পারবেন।
এর আগে অনলাইনভিত্তিক প্রকাশক প্রতিষ্ঠান দ্য ইন্টারসেপ্ট বলেছিল, পাকিস্তানে সামরিক-বেসামরিক যোগাযোগে এনএসএ নজরদারি করে বলে অভিযোগ রয়েছে। এ জন্য তারা একটি বিশেষ সংকেত ব্যবহার করত। শ্যাডোব্রোকার্স সেটিই ফাঁস করে দিয়েছে।