মার্কিন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান অ্যাডমিরাল মাইকেল রজার্সের অপসারণ চেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সুপারিশ করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম শনিবার এ খবর দিয়েছে। আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রজার্স একটি জ্যেষ্ঠ পদ পেতে পারেন বলেও খবর এসেছে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রধান ডেভিন নানস প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবং জাতীয় গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপারকে শিগগিরই মাইকেল রজার্সের সাক্ষ্য নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ক্ল্যাপার বৃহস্পতিবারই তাঁর নিজের পদত্যাগের কথা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এনএসএপ্রধান রজার্স গত বৃহস্পতিবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
রজার্সকে সরানোর ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী কার্টার এবং পদত্যাগী জাতীয় গোয়েন্দাপ্রধান ক্ল্যাপারই বেশি উদ্যোগী বলে সংবাদমাধ্যম জানিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর রজার্সকে জাতীয় গোয়েন্দাপ্রধান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প রজার্সকে সত্যিই ওই পদে মনোনীত করলে এবং সিনেটে তা অনুমোদন হলে ক্ল্যাপারের স্থলাভিষিক্ত হবেন তিনি। মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান ১৬টি গোয়েন্দা সংস্থার দেখভাল করে থাকেন।
ওয়াশিংটন পোস্ট লিখেছে, রজার্স গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হতবাক করে দিয়েছেন। এনএসএতে রজার্সের পারদর্শিতা নিয়ে হতাশা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। সরকারি তথ্য সংরক্ষণের নিরাপত্তাব্যবস্থায় ‘বড় ফাঁকফোকর থেকে যাওয়ার’ কথা বলে এই হতাশা প্রকাশ করেন তিনি।
মাইকেল রজার্স বর্তমানে মার্কিন সাইবার কমান্ডের প্রধানের দায়িত্বও পালন করছেন। ২০১৪ সাল থেকে সংস্থাটি এনএসএ এবং কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থার বর্ম হিসেবে কাজ করছে। এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন বিপুলসংখ্যক স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁস করে দেওয়ায় সে সময় সংস্থাটি চাপের মুখে পড়ে।