
আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি) এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি-বিষয়ক আন্তর্জাতিক সংগঠন মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (এমটিসিজি) ভারতের অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে সমর্থন করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ওবামা এই আশ্বাস দেন।
এই দুটি আন্তর্জাতিক গ্রুপে যোগ দিতে পারলে ভারতের জন্য পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি-বিষয়ক গবেষণা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার হোয়াইট হাউসের বৈঠকে বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বাড়ানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন ওবামা ও মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি ছিল ওবামার সঙ্গে মোদির সপ্তম বৈঠক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও এনএসজি সদস্য হতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন মোদি।
ওবামা-মোদির বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে। প্যারিস চুক্তি অনুযায়ী ভারত কীভাবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাবে, সে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পরমাণু সমঝোতা নিয়েও বড় সিদ্ধান্ত হয়েছে। ভারতে আরও ছয়টি পরমাণু চুল্লি তৈরির কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্টিংহাউস ইলেকট্রিসিটি করপোরেশন।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে নিজেদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে সম্বোধন করেন উভয় নেতা। বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও নিরাপদ জ্বালানির ক্ষেত্রে উভয় দেশ একই লক্ষ্যে কাজ করবে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সমর্থন করার জন্য ওবামাকে ধন্যবাদও জানান মোদি।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার মনে করে। মার্কিন-ভারত প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
গতকাল বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এমটিসিজির সদস্য ভারত: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই বৈঠক শুরু হওয়ার আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল, ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমটিসিজির দেশগুলো ভারতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে একমত হয়েছে। এমটিসিজির সদস্যপদ পাওয়ার পর উচ্চপ্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেনা বা তৈরির ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না ভারতের৷