এনওয়াইপিডি পুলিশ ও ৯১১ অপারেটরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের গোপনীয় তথ্যের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ইয়ানিরিস ডেলিওন গ্রেপ্তার
গাড়ি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের গোপনীয় তথ্যের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ইয়ানিরিস ডেলিওন গ্রেপ্তার

ব্রঙ্কসের পুলিশ কর্মকর্তাসহ অর্ধডজন এনওয়াইপিডি কর্মচারী গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কেন্দ্র করে মিলিয়ন ডলারের ইনস্যুরেন্স জালিয়াতির অভিযোগে এফবিআই অভিযানে ধরা পড়েছেন।
গাড়ি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের গোপনীয় তথ্যের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ইয়ানিরিস ডেলিওনকে ৬ নভেম্বর ম্যানহাটন থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় জরুরি সেবা নম্বর ৯১১-এর পাঁচ অপারেটরকেও। এরা হলেন মক্কা শাবাজ, কোর্টনি উইলিয়ামস, শাকিমা ফস্টার, লতিফাহ আবদুল-খালিক ও অ্যাঞ্জেলা মায়ার্স। আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর তাঁদের ম্যানহাটন আদালতে হাজির করা হয়।
আদালতের নথি অনুযায়ী কয়েক হাজার ডলার ঘুষ নিয়ে দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যতথ্য ইনস্যুরেন্স জালিয়াতদের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই জালিয়াতরা ভুক্তভোগীদের অপ্রয়োজনীয় চিকিৎসার জন্য নিউইয়র্ক ও নিউজার্সির চিকিৎসক ও আইনজীবীদের একটি নির্দিষ্ট নেটওয়ার্কে নিয়ে যায়। পুরো চক্রটি কুইন্সের একটি কল সেন্টারকে ঘিরে গড়ে উঠেছিল। ওই এলাকার বাসিন্দাদেরই লক্ষ্য বানানো হয়েছিল। এর সঙ্গে যুক্ত বিলকিং ইনস্যুরেন্স কোম্পানি।
জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফোন করে প্রায়শই ভুক্তভোগীদের কাছে নিজেদের এনওয়াইপিডির কর্মী বলে পরিচয় দিতেন। একই সঙ্গে জানাতেন, তাঁরা ‘পারসোনাল ইনজুরি হটলাইন’ থেকে তাঁদের ফোন নম্বর পেয়েছেন। ডেলিওন ও ৯১১ অপারেটর, নার্সসহ মোট ২৭ জন ১৮ মিলিয়ন ডলারের এ জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা প্রায় ৬০ হাজার ব্যক্তির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন।
অভিযোগ অনুযায়ী এনওয়াইপিডি কর্মচারী ও ফেডারেল অর্থায়নে পরিচালিত হাসপাতালে কর্মরত অন্য রোগীদের সঙ্গে যোগাযোগের তথ্য জানতে মাসে ৪ হাজার ডলার করে দেওয়া হয়েছিল।
৭ নভেম্বর ডেলিওন আদালতে হাজির হন হাতকড়া ছাড়াই। তাঁকে ৫০ হাজার ডলার বন্ডে জামিন দেওয়া হয়। ডেলিওন আদালতে উপস্থিত হওয়ার পর তাঁর আইনজীবী গাই ওকসেনহেন্ডলার বলেন, ‘ডেলিওন বেশ কয়েক বছর ধরে আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বেশির ভাগ অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’
এ বিষয়ে এনওয়াইপিডি কমিশনার জেমস ও’নিল বলেন, ‘এনওয়াইপিডিতে দুর্নীতির কোনো স্থান নেই। পবিত্র শপথকে কলুষিত করায় এই কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’