এনওয়াইপিডিতে মেমো বুকের বদলে আইওএস অ্যাপ্লিকেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি ব্যবহারে আরেক ধাপ এগোল নিউইয়র্ক পুলিশ
প্রযুক্তি ব্যবহারে আরেক ধাপ এগোল নিউইয়র্ক পুলিশ

প্রযুক্তি ব‍্যবহারে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) আরও এক ধাপ এগিয়ে গেল। ১৭ ফেব্রুয়ারি থেকে এনওয়াইপিডি কর্মকর্তাদের প্রতি দিনের ক্রিয়াকলাপ ট্র্যাকের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। আগে একই কাজের জন্য ব্যবহার করা হতো কাগজের ‘মেমো বুক’।
আইফোনের এই অ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের নোটগুলো একটি ডেটাবেজে পাঠানো হবে সংরক্ষণের জন্য। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘লগবুকগুলোকে আমাদের বাইবেল বলা যায়। কর্মকর্তারা চাকরি থেকে অবসর গ্রহণের পরও সেগুলো সুরক্ষিত রাখে। তবে নতুন এই আইফোনের অ্যাপ্লিকেশনটি মাধ্যমে এখন থেকে ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তা নয়, পুলিশ বিভাগই তথ্যগুলো সংরক্ষণ করে রাখবে।’
আগে এসব তথ্য সংরক্ষণের জন্য এনওয়াইপিডিকে মাসে দশ হাজার মেমো বুক ছাপতে হতো। এখন আইফোন অ্যাপের মাধ্যমে কাজটি করায়, ব্যয় হ্রাসের পাশাপাশি পরিবেশের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে দেড় শ বছরের বেশি পুরোনো এ প্রতিষ্ঠানের কর্মীদের কাগজে নোট নেওয়ার অভ্যস্ততা থেকে বেরিয়ে অ্যাপে অভ্যস্ত হতে রাজি করানোটা সহজ ছিল না। এই রূপান্তরে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা এনওয়াইপিডির প্রযুক্তি বিভাগের সাবেক প্রধান জেসিকা তিশ বলেন, ‘আমি যখন পরিকল্পনাটি জানিয়েছিলাম, তখন অনেকেই হেসেছিল। একজন তো আমাকে বলেছিলেন, “আপনি কি আমার সঙ্গে তামাশা করছেন?” প্রাতিষ্ঠানিক পর্যায়েও অনেক প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা পেরেছি।’