এনওয়াইপিডিতে আত্মহত্যা করা অফিসারের সংখ্যা বাড়ছে
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) আত্মহত্যা করা অফিসারদের সংখ্যা বাড়ছে। ১৩ মার্চ ম্যানহাটনের ট্রানজিট পুলিশ স্টেশনে এনওয়াইপিডির এক সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
এনওয়াইপিডির একজন মুখপাত্র জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এক নারী অফিসার কলম্বাস সার্কেল সাবওয়ে স্টপে ট্রানজিট ব্যুরো স্টেশনের ভেতরে দুপুর আড়াইটার দিকে নিজেকে গুলি করে হত্যা করেছেন। তাঁকে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন।
অলাভজনক সংস্থা ব্লু হেল্পের তথ্য মতে, ২০১৯ সালে আমেরিকায় কমপক্ষে ২২৮ জন পুলিশ অফিসার আত্মহত্যা করেছেন। এর মধ্যে ১০ জনই ছিলেন এনওয়াইপিডির সদস্য। স্ট্যাটেন আইল্যান্ডে গত বছর বর্তমান ও সাবেক তিনজন এনওয়াইপিডি অফিসার আত্মহত্যা করেছেন। চলতি বছরের দুই জানুয়ারি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রানাইটভিলে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। ১৩ মার্চের আত্মহত্যা এ বছরের সক্রিয় এনওয়াইপিডি অফিসারের মধ্যে দ্বিতীয়।
পুলিশ কমিশনার ডার্মোট শিয়া এই কর্মকর্তার মৃত্যুর জন্য তাঁর বিভাগের কাছে দুঃখ প্রকাশ করেন। অন্যান্য কর্মকর্তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে তাঁদের সাহায্য করবেন বলে তিনি সবার উদ্দেশ্যে টুইট বার্তায় জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আজ এনওয়াইপিডি শোক প্রকাশ করছে যে, আত্মহত্যার কারণে আমরা একজন অফিসারকে হারিয়েছি। আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’ তিনি আরও লিখেছেন, কখনোই আত্মহত্যা করবেন না। আপনাকে সব সময় সহায়তা দেওয়া হবে।