এনওয়াইপিডিতে সবার প্রিয় একজন বাংলাদেশি রহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিওর সঙ্গে সৈয়দ রহিম
নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিওর সঙ্গে সৈয়দ রহিম

কমিউনিকেশনস ওয়ার্কার্স অব আমেরিকা লোকাল ১১৮২-এর প্রেসিডেন্ট সৈয়দ রহিম। চার হাজার সদস্যের প্রতিষ্ঠানটি নিউইয়র্ক নগরের ট্র্যাফিক পুলিশের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে। এ পদে আসার আগে রহিম ওয়াল স্ট্রিটে নিয়মিত বিনিয়োগকারী ছিলেন। সাফল্য পেয়েছেন সেখানেও। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর একই বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়েও মাস্টার্স করেন তিনি।
জানা গেল, আমেরিকাজুড়ে প্রায় ৫০ হাজার সদস্য আছে কমিউনিকেশনস ওয়ার্কার্স অব আমেরিকা (সিডব্লিউএ) নামের এই প্রতিষ্ঠানটির। নিউইয়র্কের সিডব্লিউএ লোকাল ১১৮২-এর প্রেসিডেন্ট পদের জন্য এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দ রহিম। নির্বাচন ও বর্তমান দায়িত্ব পালন নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। আগের বার প্রেসিডেন্ট পদে ২ ভোটে পরাজিত আবার্ট স্লো এবার তার দলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যোগ হয়েছেন। এটি এবারের নির্বাচনে তার অন্যতম একটি আশার বিষয়। তাঁর বর্তমান ভাইস প্রেসিডেন্ট টেমি মেডোস। তিনি এবার রহিমের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে টমিকেই তিনি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন। প্রতি ৩ বছরের জন্য ১০ জনের একটি দলকে নির্বাচন করে সিডব্লিউএ লোকাল ১১৮২-এর সদস্যরা। নির্বাচিত প্রত্যেকেই চাকরির বেতনের পাশাপাশি ইউনিয়ন থেকে সম্মানজনক বেতন পেয়ে থাকেন।
নিউইয়র্কে ফরেস্ট হিলে সৈয়দ রহিমের কক্ষে প্রবেশ করতেই চোখে পড়ে নগরের মেয়র, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পুলিশ কমিশনারসহ মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেয়ালে টাঙানো তাঁর ছবি। এদের সঙ্গেই প্রতিনিয়ত দর-কষাকষি করতে হয় ট্রাফিক পুলিশের বেতন বৃদ্ধি, স্বাস্থ্য ভাতা ও পদোন্নতি নিয়ে। তাঁর দলের প্রচেষ্টায় যে বেতন বৃদ্ধি হয়েছে, তা গত ২৫ বছরেও হয়নি। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি মূলধারা ও কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেয়েছেন নানা সম্মাননা ও পদক, যা সাজানো আছে একটি শোকেসে। চোখে পড়ে তাঁকে নিয়ে প্রচ্ছদ করা অনেক পত্রিকা। সৈয়দ রহিমের এই অবস্থান ও সাফল্য বাঙালি হিসেবে আমাদের গর্বিত করে।
২০০৫ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) যুক্ত হওয়ার পর রহিমের সততা, একাগ্রতা ও নিষ্ঠা সর্বোপরি সহকর্মীদের সঙ্গে তাঁর সদাচরণ তাঁকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছে। এর ফলে ২০১১ সালে সরাসরি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে রহিম জয়ী হন। ট্রাফিক পুলিশের কল্যাণে সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত করার ফলস্বরূপ পরের নির্বাচনে প্রেসিডেন্ট পদেও জয়ী তিনি।
রহিম বলেন, এনওয়াইপিডি বাঙালিদের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও সততার সুনাম আছে। তিনি এনওয়াইপিডিতে যুক্ত হওয়ার পর বাংলাদেশিদের এই বিভাগে চাকরির আবেদন করতে নানাভাবে উৎসাহিত করেছেন। জানালেন, বর্তমানে সিডব্লিউএ লোকাল ১১৮২-এ বাংলাদেশি সদস্য আছেন ১২ ভাগ। গত নির্বাচনে তারাও আমার দলকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস এবারও তাঁরা আমাদের নির্বাচিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন।
ম্যানহাটনের আপার ওয়েস্টে বসবাস করেন রহিম। তার একমাত্র ছেলে শান্তনু রহিম ডিও ১২ গ্রেডে পড়ালেখা করছেন একটি প্রাইভেট স্কুলে। তার মেয়ে ক্রিস্টিনা রহিম অধ্যয়ন করছেন সেনজন বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি নিয়ে। সন্তানদের পড়ালেখা নিয়ে রহিম বলেন, সবাই চায় তাদের ছেলে মেয়ে চিকিৎসক বা প্রকৌশলী হোক। আমি তাদের বলেছি, মানুষের সার্বিক কল্যাণের জন্য ক্ষমতার প্রয়োজন আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করা রহিম জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছিলেন। আমেরিকায় ১৯৮৫ সালে আসার পর কেমিস্ট হিসেবে বিভিন্ন স্টেটে নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। ১৯৯৯ সালে যুক্ত হয়েছিলেন আমেরিকার শেয়ার ব্যবসায়। এনওয়াইপিডিতে যুক্ত হওয়ার পর নিয়মানুযায়ী তিনি এই ব্যবসা হতে সরে আসেন। তার প্রতিষ্ঠিত ক্রিস্টিনা ডিও করপোরেশন এখন তত্ত্বাবধান করেন তার স্ত্রী সৈয়দা দিলরুবা নাজনীন।