এন্ড্রু কিশোরের জন্য নিউইয়র্কে কনসার্ট

‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা/ উড়েছে পাখি পথ অচেনা/ নীড়েরই ঠিকানা পাবে কিনা/ পাখি তা নিজেই জানে না।’ আজ এই গানের মানুষটির পথই অচেনা। ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য নিউইয়র্কে কনসার্টের আয়োজন করা হয়েছে। উডসাইডের কুইন্স প্যালেসে আজ ২০ ডিসেম্বর এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি কনসার্টে অংশ নেবেন দেশের তারকা শিল্পীরাও। এখান থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শোটাইম মিউজিকের ব্যবস্থাপনায় আয়োজিত এ কনসার্টে সহযোগিতা করছেন জ্যাকসন হাইটস এলাকাবাসী।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এন্ড্রু কিশোর বর্তমানে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা চালাতে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। নিউইয়র্কে আয়োজিত কনসার্ট থেকে পাওয়া অর্থ তাঁর চিকিৎসা তহবিলে পাঠানো হবে।