এন্ড্রু কিশোরের জন্য নিউইয়র্কে কনসার্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানুষ মানুষের জন্য’ কনসার্টে অতিথি ও দর্শনার্থীদের একাংশ
‘মানুষ মানুষের জন্য’ কনসার্টে অতিথি ও দর্শনার্থীদের একাংশ

‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ভালো আছি ভালো থেকো’—এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার তহবিল সংগ্রহর জন্য ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডে আয়োজিত কনসার্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক এ কনসার্টে প্রায় ৪০জন শিল্পী অংশ নেন।

শোটাইম মিউজিকের ব্যবস্থাপনায় আয়োজিত এ কনসার্টে সহযোগিতা করেন জ্যাকসন হাইটস এলাকাবাসী। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

কনসার্টের শুরুতে শোটাইম মিউজিকের আলমগীর খান স্বাগত বক্তব্যে বলেন, এন্ড্রু কিশোর বাংলাদেশের সম্পদ। তিনি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করলে আমাদের শিল্পীসমাজকে এর দায় বহন করতে হবে। ৭১-এর কণ্ঠযোদ্ধা শহীদ হাসান আমাদের এই আয়োজনে যুক্ত আছেন। এটি যেমন এন্ড্রু কিশোরকে সাহস জোগাবে, তেমনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।

‘মানুষ মানুষের জন্য’ কনসার্টের একটি মুহূর্ত
‘মানুষ মানুষের জন্য’ কনসার্টের একটি মুহূর্ত

স্থানীয় শিল্পীদের পাশাপাশি কনসার্টে অংশ নেন দেশের তারকা শিল্পীরাও। এর মধ্যে বেবী নাজনীন, ক্লোজআপ শিল্পী রুমী, তনিমা হাদী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, তুহিন আজাদ, চন্দ্রা রায়, আমানত হোসেন, মণিকা দাশ, শাহরীন সুলতানা, মিলন কুমার, লেমন চৌধুরী, কামরুজ্জামান বকুল, রনো নেওয়াজ, রোকশানা মির্জা, বিনা বর্মণ প্রমুখ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এন্ড্রু কিশোর বর্তমানে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।