এফবিআইয়ের তদন্তে ট্রাম্প-জামাতা

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ বিষয়ে চলা তদন্তে এফবিআই এবার তাঁর জামাতা জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা শুরু করেছে।
মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) মনে করে, নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে জ্যারেড কুশনারের কাছে প্রাসঙ্গিক তথ্য থাকতে পারে। তবে তিনি যে কোনো অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি তা নিশ্চিত নয়।
গত বছরের ওই নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের গোপন আঁতাত বিষয়ে এফবিআই তদন্ত চালিয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে আসছেন। রাশিয়াও নির্বাচনে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার অস্বীকার করেছে।
কুশনারের (৩৬) আইনজীবী জেমি গোরলিক বলেন, এ ক্ষেত্রে তাঁর যদি সংশ্লিষ্টতা থাকে তবে যেকোনো তদন্তে তিনি সহযোগিতা করবেন। কুশনার ইতিমধ্যে সিনেটের গোয়েন্দা কমিটির সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন।
একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনবিসি নিউজকে বলেছেন, কুশনারের বিষয়ে তদন্ত করার মানে এই নয় যে তাঁকে অপরাধী হিসেবে সন্দেহ করা হচ্ছে বা তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট-এর খবরে বলা হয়, তদন্তকারী কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক ও একজন ব্যাংকারের সঙ্গে গত বছর কুশনারের বৈঠকের বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিভিন্ন গণমাধ্যম ও ট্রাম্পের বিরোধী ডেমোক্রেটিক দলীয় সদস্যদের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পক্ষে ফল আনতে চেষ্টা করেছে রাশিয়া।