
নির্বাচনকে প্রভাবিত করতে ট্রাম্পের নির্বাচনী সহযোগীদের সঙ্গে রাশিয়া কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করেছিল কিনা, এফবিআই তা খতিয়ে দেখছে। প্রভাবশালী টিভি চ্যানেল সিএনএন তাদের এ সংক্রান্ত সংবাদে বলেছে, নির্বাচনী প্রচারের সহযোগীদের মাধ্যমে রাশিয়া ও আমেরিকার সঙ্গে ভিন্ন যোগাযোগ সৃষ্টি করতে চেয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রুশ কর্মকর্তাদের এমন তৎপরতা নিয়ে তদন্ত চলছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য রুশ কর্মকর্তাদের দর-কষাকষির সংলাপ মার্কিন গোয়েন্দা সংস্থা হস্তগত করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে সিএনএন-এ তথ্য জানিয়েছে।
সূত্রমতে, অর্থনৈতিক বিষয়ে আলোচনায় জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বৃত্তে রাশিয়া তার উদ্দেশ্য সাধনে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবে কিনা। গোয়েন্দাদের হাতে থাকা সংলাপে মনে হচ্ছে, রুশরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল, ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে সক্ষম হবে তারা। উভয় সূত্রমতে, রাশিয়া তার অপপ্রচারের সুবিধার্থে যেকোনো তথ্যকে অতিরঞ্জিত কিংবা নিজেদের ইচ্ছে মতো তৈরি করে। আমেরিকার নির্বাচনের সময় রাশিয়া তা-ই করেছিল। আটককৃত সংলাপ মতে কীভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে রাশিয়া সে পন্থাই বিবেচনা করেছে।
জনৈক কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনে আমেরিকান নামের মুখোশ ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে এটা ট্রাম্পের নির্বাচনী দলের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। রাশিয়ানরা আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার বিশ্বাসকে অতিরঞ্জিত হিসেবেই প্রচার করেন। প্রথম গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইকেল ফ্লিনসহ ট্রাম্পের নির্বাচনী সহযোগীদের প্রভাবিত করার চেষ্টা করা হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র সিএনএনকে জানান, প্রেসিডেন্টকে বিব্রত করার জন্য এটা আরেকটি মিথ্যাচার এবং অজানা সূত্রের যাচাইবিহীন দাবি। প্রেসিডেন্টের রাজনৈতিক প্রতিপক্ষ গোপন দলিলকে বাইরে প্রচার করছে। তাদের মিথ্যে বক্তব্যকে প্রতিষ্ঠিত ও স্থায়ী করতে যা খুশি করতে চান ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষরা। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, আমাদের প্রতিপক্ষের হাতকে শক্তিশালী করে দেশকে সংকটে ফেলতে সাহায্য করছে এসব তথ্য।
এফবিআই এ ধরনের কাহিনি অস্বীকার করেছে। এ ব্যাপারে মন্তব্য করতে জাতীয় নিরাপত্তা দপ্তরে ফোন করে কাউকে পাওয়া যায়নি বলে সিএনএন তাদের সংবাদে উল্লেখ করেছে।
এ ছাড়া ২০১৫ সনের ডিসেম্বরে মাইকেল ফ্লিনের মস্কো সফর আমেরিকান গোয়েন্দাদের মনোযোগ আকর্ষণ করে। রুশ গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে, ওই সময় মাইকেল ফ্লিনকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা গেছে।
আমেরিকার গত নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা এবং প্রভাব নিয়ে কুয়াশা কাটছে না। তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, তা দেখার অপেক্ষায় আমেরিকার লোকজন।