এফবিআইয়ের নতুন পরিচালক দ্রুতই: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন পরিচালক মনোনয়নের জন্য তিনি দ্রুতই পদক্ষেপ নেবেন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দলের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য যোগসাজশ তদন্তকারী এফবিআই প্রধান জেমস কোমিকে আকস্মিকভাবে বরখাস্ত করে দেশে রাজনৈতিক ঝড় তুলেছেন ট্রাম্প।
ওয়াশিংটন থেকে ভার্জিনিয়ায় রওনা হওয়ার সময় গতকাল শনিবার এয়ারফোর্স ওয়ান বিমানে সঙ্গী সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আগামী সপ্তাহের শেষ দিকে প্রথম বিদেশ সফরের আগেই হয়তো তিনি কোমির উত্তরসূরি বাছাই করতে পারবেন। ট্রাম্প বলেন, ‘এমনকি সেটাও সম্ভব। আমি মনে করি, বিষয়টা দ্রুতই হয়ে যাবে।’
বিবেচনায় থাকা প্রার্থীরা বেশির ভাগই সুপরিচিত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তাঁরা খুবই পরিচিত। খুবই শ্রদ্ধাভাজন এবং মেধাবী। এফবিআইয়ের জন্য আমরা তেমন লোকই চাই।’
বিবিসি জানায়, নতুন এফবিআই পরিচালক পদের জন্য ইতিমধ্যে সাক্ষাৎকার শুরু হয়েছে। আইনজীবী অ্যালিস ফিশার প্রথম প্রার্থী হিসেবে বিচার দপ্তরে সাক্ষাৎকার দিয়েছেন। এ ছাড়া এফবিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাককেবসহ তিনজনের গতকাল অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও তাঁর সহযোগী রড রোজেনস্টাইনের সঙ্গে কথা বলার কথা ছিল। সব মিলিয়ে ১১ জনের নাম বিবেচনায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ চূড়ান্ত করার জন্য সিনেট ভোটে তা নিশ্চিত করতে হবে।