এফবিআইয়ের নিন্দায় হলিউডের মুভি মুঘল
হলিউডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন জেফরি কাৎজেনবার্গ হিলারি ক্লিনটনের নতুন ই-মেইল তদন্তকে ঘিরে এফবিআইয়ের আচরণের সমালোচনা করেছেন। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই আচরণকে তিনি ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে এসে এফবিআইয়ের পরিচালক জেমস কোমি জানান, হিলারির আলোচিত নতুন ই-মেইলের মধ্যে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। এর আগে তিনি হিলারির নতুন গুরুত্বপূর্ণ ই-মেইল নিয়ে তদন্ত চলছে বলে ঘোষণা দেন।
ডিজনি স্টুডিওর সাবেক প্রধান ও ড্রিম ওয়ার্কসের সহপ্রতিষ্ঠাতা জেফরি কাৎজেনবার্গ হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের লালগালিচায় গতকাল রোববার ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে হিলারির নতুন ই-মেইল আবিষ্কারের তথ্য প্রচার করে এফবিআই। নির্বাচনের দুদিন বাকি থাকতেই তারা আবার বলে, ই-মেইলে অপরাধমূলক কিছুই পাওয়া যায়নি। কাৎজেনবার্গ প্রশ্ন তুলে বলেন, ‘এটি কি ভাঁওতাবাজি?’
কাৎজেনবার্গ এএফপিকে বলেন, নির্বাচনী প্রচারের সময় হিলারির বিরুদ্ধে এফবিআইয়ের এ ধরনের আচরণকে অসম্মানজনক বললেও কম বলা হয়। এফবিআইয়ের এই আচরণকে বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। বলেন, এখন মনে হচ্ছে, আদৌ হিলারির ই-মেইল নিয়ে কোনো কিছু ছিল কি না, এফবিআইকে সে প্রশ্ন করা দরকার।
হিলারির নতুন ই-মেইল আবিষ্কার নিয়ে এফবিআই-প্রধান কোমির ঘোষণার পর রিপাবলিকানরা হাতে নতুন অস্ত্র পান। তাঁরা বারবার এ নিয়ে নির্বাচনী প্রচার চালান।
ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের প্রধান কাৎজেনবার্গ ‘স্রেক’, ‘কুংফু পান্ডা’, ‘মাদাগাস্কার’—এসব অ্যানিমেশন ছবি তৈরি করে খ্যাতি অর্জন করেন।
কাৎজেনবার্গের ৮০ কোটির বেশি ডলারের ব্যক্তিগত সম্পদ রয়েছে।