এবার আটলান্টিক জয়ের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রা শুরুর আগে পাইলট বারট্রান্ড পিকার্ড l এএফপি
যাত্রা শুরুর আগে পাইলট বারট্রান্ড পিকার্ড l এএফপি

সৌরশক্তিচালিত উড়োজাহাজ সোলার ইমপালস টু গতকাল সোমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছে। সোলার ইমপালস টিম বলেছে, এটি হবে চলতি বছরে সৌরবিমানটির পাড়ি দেওয়া সর্বোচ্চ দূরত্ব।
গত রোববার সৌরবিমানটির যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এটি গতকাল নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সুইস অভিযাত্রিক পাইলট বারট্রান্ড পিকার্ড স্পেনের সিভিইএ বিমানবন্দরে অবতরণ করতে প্রায় ৯০ ঘণ্টা সময় নেবেন। এর মধ্যে হয়তো সামান্য তন্দ্রায় যেতে পারবেন তিনি। পিকার্ড বিমানের লাইফ ফিড থেকে বলেন, ‘এটি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আমার প্রথম উড্ডয়ন।’ এ যাত্রা সৌরশক্তিচালিত বিমান নিয়ে একাকী আটলান্টিক পাড়ি দেওয়ার প্রথম ঘটনা হবে। এটি সোলার ইমপালস টুর বিশ্বভ্রমণের কঠিনতম যাত্রাগুলোরও একটি।
কোনো গাড়ির চেয়ে ভারী নয় এমন বিমানটি ২২ হাজার মাইল পাড়ি দেবে দুজন পাইলট নিয়ে। তাঁদের একজন পিকার্ড। অন্যজন সুইস উদ্যোক্তা আন্দ্রে বোসবাই। উড্ডয়নের আগে বোসবাইকে পিকার্ড বলেন, ‘এখন আমি ককপিটে, কিন্তু আমরা আগে একসঙ্গে উড্ডয়ন করেছিলাম।’
সোলার ইসপালস টু এর আগে ১১ জুন পেনসিলভানিয়ার লিহাই ভ্যালি থেকে পাঁচ ঘণ্টার সফর দিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।
বিকল্প জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে ২০১৫ সালের ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে সৌরবিমানটির রেকর্ড করার যাত্রা শুরু হয়। বিমানটি বর্তমানে এর পূর্ব-পশ্চিম সফরের ১৫তম যাত্রা করছে। কেবল সৌরশক্তি ব্যবহার করেই এই বিমানটি এশিয়া ও প্রশান্ত মহাসাগর ঘুরে যুক্তরাষ্ট্র পৌঁছেছিল।