এবার আমেরিকায় #হিটু আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের সবচেয়ে আলোচিত ঘটনা কী ছিল? সিরিয়া যুদ্ধ, উত্তর কোরিয়া-আমেরিকা দ্বৈরথ, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপসহ অনেক উত্তর আসতে পারে। এসব কিছুই নয়। ২০১৭ সাল বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে আছে #মিটু আন্দোলনের জন্য। কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন নিগ্রহের জেরে এই আন্দোলনের শুরু আমেরিকাতেই, যা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং এখনো এর প্রভাব যথেষ্ট লক্ষণীয়। এবার নতুন করে আলোচনায় এসেছে আরেকটি আন্দোলন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে #মিটু আন্দোলনের আদলে শুরু হয়েছে #হিটু আন্দোলন। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটা পুরুষ অধিকারের কথা বলছে।

#হিটু আন্দোলনটি শুরু হয়েছে এক সাবেক সামরিক কর্মকর্তার হাত ধরে। রিচ অ্যালিসন তাঁর নাম। মার্কিন নৌবাহিনীর সাবেক এই ক্যাপ্টেনকে কোনো যুদ্ধে অংশ নিতে না হলেও বসে নেই তিনি। এবার তিনি সাংস্কৃতিক পরিসরে নাগরিক অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছেন। না থাক তাঁর সঙ্গে কোনো প্রচলিত অস্ত্র; কিন্তু তিনিই এখন পরিণত হয়েছেন ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া পুরুষ অধিকার আন্দোলনের কেন্দ্রে।

পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ভাষ্যমতে, ব্যবসা খাত, বিপণন কৌশল, শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প ও নাগরিক আন্দোলনের সব ক্ষেত্রই নারীকেন্দ্রিক। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর শুরু হওয়া #মিটু আন্দোলন এ ধরনের কেন্দ্রিকতা আরও বাড়িয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রিচ অ্যালিসন এখন পর্যন্ত বেশ কয়েকটি মামলা করেছেন, যার প্রতিটিতেই পুরুষের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। এসব মামলা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার আনরাহ সিভিল রাইটস অ্যাক্টের আওতায়। ১৯৮৭ সালে মারা যাওয়া জেস আনরাহের নামে এই আইনের নামকরণ। এই আইনে ধর্ম, বর্ণ, লিঙ্গ—যেকোনো দিক থেকেই কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণকে বেআইনি ঘোষণা করা হয়েছে। রিচ অ্যালিসন তাঁর করা মামলাগুলোয় এ আইন লঙ্ঘনের অভিযোগ এনে পুরুষদের অধিকার খর্বের কথাই বলেছেন।

অ্যালিসনের ভাষ্যমতে, ‘আনরাহ সব ক্ষেত্রে সবার সমানাধিকারের কথা বলেছেন। আইন অনুযায়ী পুরুষদেরও সমান সুযোগ, সুবিধা ও সেবা পাওয়ার কথা। আমি সামাজিক ন্যায্যতা ও ন্যায়বিচারে বিশ্বাসী। কিন্তু তা হচ্ছে না।’

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি তিনটি মামলা করেছেন। এর সর্বশেষটি করা হয়েছে গত মাসে। সেখানে ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে তথ্য সেবা দেওয়াই এই অলাভজনক প্রতিষ্ঠানের কাজ। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি নারীদের জন্য একটি বৃত্তি কার্যক্রম শুরু করে, যেখানে জনপ্রতি পাঁচ হাজার ডলার মূল্যমানের অর্থায়ন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট খাতের একটি সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। এখানেই আপত্তি রিচ অ্যালিসনের।

এ বিষয়ে সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বিল নেলসন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সাইবার নিরাপত্তা খাতে যুক্ত কর্মীদের ৯০ শতাংশই পুরুষ। আমরা ভেবেছি, এই খাতে লৈঙ্গিক দিকসহ বিভিন্নভাবে বৈচিত্র্য আনা গেলে এর শক্তিমত্তা আরও বাড়বে। এ কারণেই আমরা এই প্রকল্প গ্রহণ করি। এখন এই মামলা দেখে আমার মাথায় কেবল একটি কথাই আসছে। আর তা হলো, বাধা ছাড়া কোনো ভালো কাজই হতে পারে না।’

রিচ অ্যালিসনের পুরুষ অধিকার নিয়ে করা আন্দোলন নিয়ে ক্যালিফোর্নিয়া সিভিল রাইটস ল গ্রুপের প্রধান লরেন্স এ অরগান বলেন, ‘আনরাহ অ্যাক্টকে পুরুষ অধিকারকর্মীরা যেভাবে ব্যবহার করছেন, তাতে এটা নিশ্চিত যে তাঁরা আমাদের পুরুষতান্ত্রিক সমাজকে মোটাদাগে বুঝতে ব্যর্থ হয়েছেন। বিশেষত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ঠিক কী ঘটছে, তাও তাঁরা বুঝতে পারছেন না।’

এরপরও এই আন্দোলন এরই মধ্যে বিশেষভাবে নজরে এসেছে সবার। বিশেষত এই আন্দোলনের মাধ্যমে নারী অধিকার আন্দোলন ও এর ফলে বিভিন্ন পর্যায়ে গৃহীত পদক্ষেপের মধ্যে যে আইনি দুর্বলতা রয়েছে, তা প্রকাশ হয়ে পড়ছে।

সম্প্রতি এই আন্দোলন নিয়ে কথা বলতে অ্যালিসনের মুখোমুখি হয় নিউইয়র্ক টাইমস। কিছুটা লাজুক প্রকৃতির অ্যালিসন আন্দোলন নিয়ে কথা বললেও নিজের ছবি তুলতে দেননি। আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘রাজ্যে একটি উদার পরিবেশ রক্ষার চেষ্টা করছি আমরা।’

সান দিয়াগোয় তাঁদের কার্যালয়ে গিয়ে দেখা গেল, প্রচুর পোস্টার ও পুরুষ অধিকার নিয়ে লেখা বই শোভা পাচ্ছে। একটি পোস্টারে লেখা, ‘যুদ্ধে নিহত ব্যক্তিদের ৯৯ দশমিক ৯ শতাংশই পুরুষ’। বইয়ের মধ্যে রয়েছে, ‘অ্যাবিউসড মেন: দ্য হিডেন সাইড অব দ্য ডোমেস্টিক ভায়োলেন্স’। এ ছাড়া ‘ভুয়া অভিযোগকারীর বিচার চাই’সহ বিভিন্ন পোস্টার রয়েছে সেখানে। কার্যালয়টিতে ছিলেন অ্যালান ক্যানডেলর ও তাঁদের সংগঠনের সভাপতি হ্যারি ক্রাউচ।

জানা গেল, একজন নিপীড়ক মানসিকতার নারীর সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে হ্যারি ক্রাউচ পুরুষ অধিকার নিয়ে কাজ শুরু করেন। এমনকি তিনি নির্যাতিত পুরুষদের জন্য কাজ করার লক্ষ্যে অঙ্গরাজ্য সরকারের কাছে তহবিলও চেয়েছেন। পরে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় ‘অ্যাবিউজড মেন’ বইয়ের লেখক ফিলিপ ডব্লিউ কুকের সঙ্গে, যিনি তাঁকে পুরুষ অধিকার আন্দোলনের জন্য জাতীয় পর্যায়ে সংগঠিত হওয়ার তাগাদা দেন।

পুরুষ অধিকার নিয়ে আন্দোলন কিন্তু এটিই প্রথম নয়; ১৯৭০-৮০-এর দশকে নারী আন্দোলনের দ্বিতীয় পর্যায়েই এই ধারা শুরু হয়। সেই সময় গড়ে ওঠা কিছু সংগঠনের মধ্যে একটির সম্মেলনে যোগ দেন ক্রাউচ।

ক্রাউচ পরে পিতৃত্ব পরীক্ষা কেন্দ্র নামে একটি ব্যবসা শুরুর চেষ্টা করেন। কিন্তু সফল হননি। পরে মেনজ সেন্টার নামে একটি কেন্দ্র চালু করেন তিনি। এই কেন্দ্রই পরিণত হয় ন্যাশনাল কোয়ালিশন ফর মেনজের সদর দপ্তরে।

এবার আসা যাক রিচ অ্যালিসনের কাছে। বিবাহবিচ্ছেদের পর তিন সন্তানের এই জনক আন্দোলনটির সঙ্গে যুক্ত হন। তাঁর মনে হয়েছিল, জনপ্রিয় সংস্কৃতি যে ধারায় যাচ্ছে, তাতে পরিবার ও সমাজে পুরুষের গুরুত্ব অচিরেই হারিয়ে যাবে। তিনি এ ক্ষেত্রে একটি বিজ্ঞাপনের উদাহরণ টানেন। টি-মোবাইল কোম্পানির ওই বিজ্ঞাপনে এক মডেল সদ্যোজাত শিশুকে সামনে এনে বলেন, ‘সরি ইটস আ বয়।’ অ্যালিসনের ভাষায়, ‘বয়’-এর জায়গায় যদি ‘গার্ল’ বলা হতো, তাহলেই আর দেখতে হতো না।

এই একটি বিজ্ঞাপনই অ্যালিসনকে পুরুষ অধিকারকর্মীতে পরিণত করে। ২০১০ সালে তিনি প্রথম একটি মামলা করেন। মামলাটি ছিল কিছু হ্যাভি মেটাল ব্যান্ডের বিরুদ্ধে। অভিযোগ? ওই ব্যান্ড দলগুলো তাদের কনসার্টে নারীদের বিনা মূল্যে প্রবেশাধিকার দিয়েছিল। আর পুরুষদের জন্য ছিল ২৭ ডলারের টিকিট। এরপর একে একে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্লাব, এমনকি পোওয়ে ওয়েপনস অ্যান্ড গিয়ার ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁরা মামলা করেন, নারীদের জন্য বিশেষ সুবিধা রাখা ও পুরুষদের ক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বনের অভিযোগে।

এ ক্ষেত্রে ক্রাউচের কথা সোজাসাপ্টা। তাঁর ভাষায়, ‘কোনো ক্ষেত্রে শুধু নারীদের বিশেষ সুবিধা দেওয়ার উল্টো দিকেই আছে পুরুষের প্রতি বৈষম্যমূলক আচরণের বাস্তবতা।’

পুরুষ অধিকার নিয়ে সোচ্চার এই দল মূলত বিভিন্ন অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করছে। কেউ কেউ এই প্রবণতার পেছনে ক্যালিফোর্নিয়ার আইনের প্রসঙ্গ টানছেন। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, কেউ কারও বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনলে অভিযোগকারী যদি জিতে যায়, তাহলে তার মামলা চালানোর খরচ অভিযুক্তকে বহন করতে হয়। সঙ্গে জরিমানা তো আছেই। আর এটিই নাকি রিচ অ্যালিসনদের এভাবে উদ্বুদ্ধ করছে।

রিচ অ্যালিসনদের হয়ে সবস কটি মামলাতেই আইনজীবী হয়ে লড়ছেন আলফ্রেড জি রাভা নামের আরেক পুরুষ অধিকারকর্মী। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় প্রতি মাসেই অন্তত একটি করে আনরাহ আইন-সংশ্লিষ্ট মামলা ঠুকছেন। সব অবশ্য পুরুষ অধিকার-সংশ্লিষ্ট নয়। অ্যালিসনদের করা এসব মামলা শুরুতে অনেকটা কৌতুকের মতো মনে হলেও সময়ের সঙ্গে এর প্রতি আগ্রহী হয়ে উঠছেন অনেকে। অনেক পুরুষই এখন তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছে সংগঠনটি। তাঁদের আশা, একদিন এই আন্দোলন পুরো আমেরিকায় ছড়িয়ে যাবে, যেমনটি ছড়িয়েছিল #মিটু আন্দোলন।