এবার কর সংস্কারে হাত দিতে যাচ্ছেন ট্রাম্প
স্বাস্থ্যসেবা বিল নিয়ে ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কর সংস্কারের ওপর গুরুত্ব দিতে যাচ্ছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি বলব, আমরা বড় অঙ্কের কর ছাড় এবং কর সংস্কারের ব্যাপারে খুবই জোরালোভাবে শুরু করতে যাচ্ছি।’
ট্রাম্প তাঁর প্রস্তাবিত স্বাস্থ্যসেবা বিল পাসের মাধ্যমে খরচ বাঁচিয়ে তার মাধ্যমে কর ছাড় দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু প্রথমটি আপাতত ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়টির ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট নয়। স্বাস্থ্য খাতে খরচ না কমলে কোনো ধরনের কর ছাড় দিলে তা ফেডারেল বাজেট ঘাটতির সঙ্গে যোগ হবে।
ট্রাম্পের রিপাবলিকান দলেরই নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানও কর ছাড়ের বিষয়ে কথা বলেছেন। ওবামাকেয়ার বাতিলের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর রায়ান বলেন, ‘এখন আমরা অন্যান্য বিষয়ের দিকে নজর দিতে যাচ্ছি। কারণ, এ দেশের জনগণের জীবনমানের উন্নয়নের জন্য বড় বড় উচ্চাভিলাষী পরিকল্পনা আমাদের আছে। আমরা সীমান্ত নিরাপদ করতে চাই। আমরা সামরিক বাহিনীর পুনর্গঠন চাই। ঘাটতিকে নিয়ন্ত্রণে রাখতে চাই। আমরা অবকাঠামো চাই এবং কর সংস্কার চাই।’
অর্থমন্ত্রী স্টিভ মানকিন বলেছেন, সরকার আগামী আগস্টের মধ্যেই কর সংস্কারের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। ব্যক্তিগত ও করপোরেট পর্যায়ে সংস্কার হতে যাচ্ছে।
রয়টার্স জানায়, স্বাস্থ্যসেবা বিল আটকে যাওয়ার মাধ্যমে ট্রাম্পের প্রথম বড় ধরনের আইন প্রণয়ন উদ্যোগটি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তাঁর সমর্থকেরা ক্ষোভ ও হতাশা জানিয়েছেন। অনেকেই রিপাবলিকান আইনপ্রণেতাদের পাশাপাশি বিরোধী ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের তীব্র সমালোচনা করেছেন। শুধু ট্রাম্পের বিরুদ্ধে কেউ মুখ খোলেননি।
কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ আছে। তারপরও ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতার সমর্থনের অভাবেই স্বাস্থ্যসেবা বিলটি প্রতিনিধি পরিষদে টিকতে পারেনি। কিন্তু এই ব্যর্থতার দায়ও ডেমোক্র্যাটদের ওপর চাপিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প বলে আসছিলেন, ওবামাকেয়ার নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের স্বাস্থ্যসেবা কর্মসূচি বাতিল করবেন।
নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সমর্থক জ্যানেট ম্যাডিসন বলেন, ‘আমি কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দায়ী করছি। আমি খুবই বিরক্ত।’
রিপাবলিকান দুর্গ হিসেবে পরিচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল এবং নর্থ ক্যারোলাইনা ও আরকানস অঙ্গরাজ্যের ছোট শহর এলাকায় ট্রাম্প সমর্থকেরা তেমন বিচলিত নন। তাঁরা মনে করেন, ট্রাম্প সমঝোতাকারী হিসেবে সেরা। দলের ভেতরের বাধার কারণেই তিনি স্বাস্থ্যসেবা বিল পাস করাতে পারেননি।