এবার করোনাকে হারিয়ে দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিইবিং

মিনেসোটার একুমেন ডেট্রয়েট লেকস কমিউনিটি হোম এক অসাধারণ ঘটনার সাক্ষী হয়ে রইল। এই হোমের এক শতবর্ষী বাসিন্দা সম্প্রতি কোভিড–১৯ জয় করে আবার ফিরে এসেছেন নতুন জীবনে। নাম তাঁর ডিইবিং। বয়স? ১০৭ বছর! এবার নিশ্চয় একটু নড়েচড়ে বসতে হচ্ছে। কারণ শতবর্ষী এই নারী তো তাহলে শুধু কোভিড নয়, একাধিক মহামারিকে জয় করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একুমেন ডেট্রয়েট লেকস কমিউনিটি হোমে ডাইবিং আছেন ২০১৫ সাল থেকে। এই কিছুদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। সম্প্রতি তিনি সেরে উঠেছেন।

ডাইবিং এর আগেও মহামারি দেখেছেন। শতবর্ষী এই নারী জীবনের নানা বাঁকে অজস্র কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন। যেকোনো মানুষকেই এক জীবনে অনেক কঠিন মুহূর্ত পাড়ি দিতে হয়। কিন্তু ডাইবিংয়ের বিষয়টি কিছুটা আলাদা। ১৯১৩ সালে জন্ম নেওয়া এই নারী ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দুই মহামারি প্রত্যক্ষ করেছেন। একটি ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু নামে পরিচিত ইনফ্লুয়েঞ্জা মহামারি। আর দ্বিতীয়টি তিনি এই সময়ে পার করছেন। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুর সময় ডাইবিং ছিলেন নর্থ ডাকোটায় তাঁর পরিবারের সঙ্গে।

এ বিষয়ে ডাইবিং সিএনএনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান কেয়ারকে বলেন, ‘তখন আমার বয়স ছিল পাঁচ বছর। পরিবারের সঙ্গে থাকতাম নর্থ ডাকোটায়। আমার পরিবারের অনেকে অসুস্থ হলো। তাঁরা শয্যাশায়ী ছিলেন। আমার স্বভাব ছিল বিছানার ওপর দৌড়ে বেড়ানো। মনে পড়ে বাবা বলতেন, “ছোটাছুটির জন্য তুমি কি বিছানা ছাড়া অন্য কোনো জায়গা পাও না’’?’

সেই স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে জীবনের বাঁকে বাঁকে অনেক কিছু হারিয়েছেন ডাইবিং। নিজের পরিবারের সদস্য থেকে শুরু করে অনেক প্রিয়জনকে বিদায় দিতে হয়েছে তাঁকে। ভাইবোনদের অনেকেই মারা গেছেন শৈশব পার হওয়ার আগে। আর ৮০ বছর বয়সে হারিয়েছেন নিজের জীবনসঙ্গীকে। এর পরের ২৭ বছর বলা যায় একাই পাড়ি দিয়েছেন। এসব ক্ষত নিয়ে একটা শত বছরের জীবন পার করে দিয়েছেন লড়াই করতে করতে। নিজে ক্যানসারজয়ী। প্রচণ্ড জীবনীশক্তির প্রমাণ পাওয়া যায় এখান থেকেই। যে বয়সে তিনি ক্যানসার জয় করেন, সেই বয়স পর্যন্ত অনেক সুস্থ মানুষও বাঁচে না। জরায়ুর ক্যানসার থেকে তিনি যখন সেরে ওঠেন, তখন তাঁর বয়স ৯৫ বছর। আর এখন তিনি দ্বিতীয়বারের মতো ভয়াবহ ভাইরাসজনিত মহামারি জয় করলেন।

সিএনএন জানায়, ডাইবিংয়ের শরীরে কোভিড-১৯ এর যে উপসর্গ দেখা দিয়েছিল, তা খুব মৃদু ছিল। প্রচণ্ড ক্লান্তি ছাড়া কোনো উপসর্গ তাঁর মধ্যে দেখা যায়নি। ডাইবিংয়ের মেয়ে সুসান বারকে জানান, তাঁর ফুসফুস একেবারে ঠিকঠাক ছিল। এমনকি জ্বরও ছিল না। ক্লান্তির কারণে শুধু একনাগাড়ে ঘুমিয়েছেন।

করোনা শনাক্তের পর ডাইবিং কয়েক সপ্তাহ কেয়ার হোমের বাইরে ছিলেন, যাতে সেখানে থাকা অন্যদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ না ঘটে। সুস্থ হওয়ার পর তিনি আবার ফিরেছেন নিজের ঠিকানায়। তাঁর এই করোনা জয়ে ভীষণ খুশি কেয়ার হোমের কর্তৃপক্ষ। তারা ও ডাইবিংয়ের পরিবারের সদস্যরা এই করোনা জয়কে নিজেদের বিজয় হিসেবেই দেখছেন।