
মার্কিন প্রেসিডেন্ট পদটার জন্য হিলারি ক্লিনটন যে দ্বিতীয়বারের জন্য মাঠে নামার ঘোষণা দেবেন, সেটা নিশ্চিতই ছিল। তবে বছরের পর বছর যে প্রশ্নটা ঘুরছিল সেটি হলো, ঘোষণাটা তিনি কখন দেবেন? এখন সে প্রশ্নের উত্তরটা এসে গেছে।
অনুমান-কানাঘুষার খেলাটা সাঙ্গ করে এখন লম্বা ও কঠিন একটা পথে হাঁটা শুরু করলেন হিলারি। মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় যে পথটা প্রত্যেক প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্যই অবধারিত। আইওয়া অঙ্গরাজ্যের ‘ককাস’, এরপর নিউ হ্যাম্পশায়ারের ‘প্রাইমারি’ উতরাতে হবে। এরপর বিরামহীন দেশ চষে বেড়ানো, জনসমাবেশের পর জনসমাবেশ এবং তহবিল সংগ্রহের অনুষ্ঠানসহ নানা কর্মযজ্ঞ। সব মিলিয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় টিকিট জোগাড় করতেই মাসের পর মাস ঘাম ঝরাতে হবে।
এ সবই আবার করতে হবে গণমাধ্যম এবং ছিদ্রান্বেষী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সুতিক্ষ্ণ নজরের মধ্যে থেকেই। গণমাধ্যম ক্ষুধার্ত থাকবে সম্ভাব্য প্রার্থীর ব্যাপারে পাঠকের সামনে খবর হাজির করতে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা খুঁজবে প্রার্থীর এমন ভুল, যা তাঁর প্রার্থিতাকে ডুবিয়ে দেবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির কাছে এসব যে একেবারে নতুন কিছু, তেমনটা নয়। কারণ, অতীতে দু-দুবার নির্বাচনী প্রচারণা-সংক্রান্ত কাজে মাঠে নেমেছেন। নব্বইয়ের দশকে নিজের স্বামী বিল ক্লিনটনের সঙ্গে একবার; অন্যবার ২০০৮ সালে, নিজের জন্য। সেবার অল্পের জন্য টিকিট পাননি হিলারি। শেষ সময়ে এসে বারাক ওবামার কাছে পরাস্ত হতে হয়েছিল তাঁকে।
অবশ্য, এবার ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়া হিলারির জন্য অনেকটা সহজ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ, ২০০৮ সালের মতো এবার আর বারাক ওবামার মতো সাড়াজাগানো প্রতিদ্বন্দ্বী নেই। মাঠে নেই সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জন এডওয়ার্ডসের মতো সহজাত দক্ষতাসম্পন্ন ও পরীক্ষিত প্রতিদ্বন্দ্বীও।
কিন্তু সমস্যাটা অন্যখানে। হিলারির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার কাজটা যতটা সহজ হবে, আসল লড়াইয়ে জিতে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে যাওয়ার কাজটা ততটাই বা তার চেয়েও কঠিন হবে। এবারের সম্ভাব্য ডেমোক্রেটিক দল মনোনীত প্রার্থীকে তাঁর দলের গত আট বছরের শাসনকালের বোঝাটা মাথায় নিয়ে পথ চলতে হবে, যেটা ২০০৮ সালে করতে হয়নি। আবার কংগ্রেসের উভয় কক্ষ এখন বিরোধী দল রিপাবলিকান পার্টির দখলে। তাই ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থীকে এমন একজন রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে, যাঁর পেছনে বইছে রাজনীতির হাওয়া।
এসবের বাইরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে আলোচিত হামলার পর হিলারি যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সে বিষয়ে কংগ্রেসের চলমান তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। ওই বিতর্ক এরই মধ্যে ঢুকে পড়েছে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তাঁর ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের বিতর্কের ভেতরে।
সময়টা যদি হিলারির হয়ে থাকে, তবে তিনি তা অর্জন করতেই চলেছেন। আর ২০০৮ সালে তিনি যে ভুলগুলো করেছিলেন সেগুলোর যথাযথ জবাব না দিলে, ২০১৬ সালের নির্বাচনেও তা তাঁর জন্য মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। যেসব কারণে প্রথম প্রচেষ্টায় হিলারি ব্যর্থ হয়েছিলেন, তার একটি ছিল, গুরুত্বহীন বিষয়গুলো নিয়েও নিজের উপদেষ্টাদের মধ্যে ঝগড়া-বিবাদ। এর জের ধরে তাঁর প্রচারণার সবকিছুই ফাঁস হয়ে গিয়েছিল। পাশাপাশি প্রচারণার সময় কর্কশ মেজাজ, ব্যক্তিত্বহীনতা এবং সমন্বিত লক্ষ্যের ঘাটতিসহ কিছু বিষয়কে ২০০৮ হিলারির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে শনাক্ত করা হয়েছিল। তাঁর সাদামাটা প্রচারণা মার খেয়েছিল বারাক ওবামার ব্যক্তিত্বপূর্ণ ও আশাবাদী হওয়ার মতো নানা স্লোগানে ভরা প্রচারণার কাছে।
এবার কী ভিন্নভাবে হাজির হতে পারবেন হিলারি? তিনি এরই মধ্যে এমন একটি উপদেষ্টা দল গঠন করেছেন, যেখানে অধিকতর বৈচিত্র্য আছে। দলে ওবামার নির্বাচনী প্রচারণা চালানো সেই সব অভিজ্ঞ ব্যক্তিও আছেন, যাঁদের কাছে আট বছর আগে ধরাশায়ী হয়েছিলেন হিলারি।
ওয়াশিংটন পোস্ট-এর মতে, হিলারি ‘ধীরে চল, ছোট ছোট পায়ে চল’—এই কৌশল নেওয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে তিনি অধিকতর ও বেশি ব্যক্তিগত ভেন্যুগুলোতে হাজির হয়ে নিজের ‘রসবোধ, বিনয় এবং নীতি গ্রহণের ক্ষেত্রে দক্ষতা’ তুলে ধরার চেষ্টা করবেন। এসবের মধ্য দিয়ে এবার সময়টা নিজের করে নিতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
হিলারিক্লিনটন
এপ্রিল১২, ২০১৫
মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য দ্বিতীয়বারের মতো চেষ্টা করার ঘোষণা
মার্চ২০১৫: দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই–মেইল ঠিকানা
ব্যবহার করা নিয়ে বিতর্ক
২০০৯-১৩: ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী
২০০৮: ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার
চেষ্টা করে বারাক ওবামার কাছে পরাজিত
২০০২: ইরাকে সামরিক অভিযানে জর্জ ডব্লিউ
বুশের পদক্ষেপে সমর্থন
২০০১-০৯: নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর
১৯৯২-২০০১: ফার্স্টলেডি। স্বাস্থ্যসেবায় সংস্কার ও নারীর
অধিকার নিয়ে প্রচারণা
১৯৭০-এরদশক: আইনজীবী এবং আইনের শিক্ষক। বিল ক্লিনটন
তখন আরকানস অঙ্গরাজ্যের গভর্নর
১৯৬৯: ইয়েলে আইন অধ্যয়ন। বিল ক্লিনটনের সঙ্গে পরিচয়
১৯৪৭: ২৬অক্টোবর জন্ম শিকাগোতে
সূত্র: এএফপি/মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস
এএফপি