
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তাঁর ফোনে আড়ি পাতার যে অভিযোগ তুলেছেন, তা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমি। ওবামার বিরুদ্ধে আনা অভিযোগ জনসমক্ষে প্রত্যাখ্যান করতেও যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত শনিবার ট্রাম্প ফোনে আড়ি পাতার এই অভিযোগ করেন ওবামার বিরুদ্ধে।
নিউইয়র্ক টাইমস পত্রিকা প্রথম জেমস কোমির মতামতসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে এফবিআইয়ের কর্মকর্তাদের বরাতে বলা হয়, পরিচালক কোমি মনে করেন, পূর্বসূরি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণহীন যে দাবি করেছেন, তা মিথ্যা। তবে কোমি কিংবা এফবিআইয়ের পক্ষ থেকে গতকাল সোমবার পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এফবিআইয়ের কর্মকর্তারা বলেন, টুইটার বার্তায় করা ট্রাম্পের আড়ি পাতার অভিযোগ প্রকাশ্যে প্রত্যাখ্যান করার জন্য বিচার দপ্তরের প্রতি লিখেছেন জেমস কোমি। কারণ, তিনি মনে করেন, ওই অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ নেই। অভিযোগ ইঙ্গিত দেয়, এফবিআই আইনভঙ্গ করেছে। অথচ বাস্তবে তা হয়নি। কারণ, মার্কিন আইন অনুযায়ী গোয়েন্দা সংস্থা তা করতে পারে না। জনস্বার্থে আড়ি পাততে হলেও আদালতের অনুমতি লাগে।
বিচার দপ্তর কোমির এই আহ্বান নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের পরিচালক প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করছেন—এমন নজির মার্কিন ইতিহাসে খুব একটা নেই। এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জন্য কোমির ওপর ডেমোক্র্যাট নেতাদের চাপ বাড়ছে।
এর আগে ওবামা আমলের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার নির্বাচনের সময় বা তার আগে ডোনাল্ড ট্রাম্প বা তাঁর প্রচারণা দলের কারও টেলিফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করেছেন। ক্ল্যাপার বলেন, তাঁর জানামতে, নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার ব্যাপারে আদালতের কোনো নির্দেশ ছিল না।
হোয়াইট হাউসের অনুরোধে মার্কিন কংগ্রেস বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও ট্রাম্পের অভিযোগের সমর্থনে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি তাঁর প্রশাসন।