এবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ মিথ্যাচারের
মিকা ব্রেজিনস্কির নামে পাঠানো টুইটার বার্তা নিয়ে বিতর্ক মিটতে না মিটতেই মিথ্যাচারের অভিযোগের সম্মুখীন হলেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সকালে এক টুইটার বার্তায় ট্রাম্প দাবি করেছিলেন এম এস এন বি সির অন্যতম সঞ্চালক জো স্কারবরো ন্যাশনাল ইনকোয়ারার নামের ট্যাবলয়েড পত্রিকায় তাঁর বিরুদ্ধে একটি খুব ক্ষতিকর প্রতিবেদন বন্ধের জন্য তাঁকে (ট্রাম্প) ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। স্কারবরো বলেছেন কথাটা ডাহা মিথ্যা।
শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক যৌথ উপসম্পাদকীয়তে স্কারবরো ও মিকা ব্রেজিনস্কি দাবি করেন, হোয়াইট হাউস থেকে একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, ইনকোয়ারার তাঁদের বিরুদ্ধে একটি প্রতিবেদন ছাপাতে যাচ্ছে। এই ক্ষতিকর প্রতিবেদন বন্ধের জন্য স্কারবরো যেন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে অনুরোধ করেন। ট্রাম্প ইনকোয়ারার-এর মালিকের ঘনিষ্ঠ বন্ধু। স্কারবরো ও ব্রেজিনস্কি জানান, বারবার অনুরোধ সত্ত্বেও তাঁরা ট্রাম্পের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করেননি।
ট্রাম্প তাঁর টুইটে দাবি করেন, ইনকোয়ারার-এর প্রতিবেদন বন্ধ করতে জো স্কারবরো তাঁকে অনুরোধ করেছিলেন। তাঁর টুইট পড়া মাত্রই এক পাল্টা টুইটে স্কারবরো জানান, ট্রাম্পের কথাটা পুরোটাই মিথ্যা। তাঁর কাছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের অনুরোধসংবলিত টেলিফোন কথোপকথনের রেকর্ড রয়েছে। তা ছাড়া গত কয়েক মাসে তাঁর সঙ্গে ট্রাম্পের কোনো কথাবার্তাই হয়নি।
স্কারবরো ও ব্রেজিনস্কি তাঁদের উপসম্পাদকীয়তে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন। শুধু তাঁরা নন, ট্রাম্পের কারণে-অকারণে টুইট করার অভ্যাস একটি অসুস্থতার লক্ষণ—এ কথা এখন অনেকেই বলা শুরু করেছেন। এদিকে প্রেসিডেন্ট যদি সত্যি সত্যি অসুস্থ হন এবং দায়িত্ব পালনে অক্ষম হন, তেমন অবস্থার সৃষ্টি হলে কী আইনগত ব্যবস্থা নেওয়া যায়, কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা সে বিষয় নিয়েও ভাবা শুরু করেছেন। জানা গেছে, এই দলের ২৪ জন কংগ্রেসম্যান ইতিমধ্যে একটি খসড়া আইন প্রণয়ন নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন। এই খসড়া আইনের লক্ষ্য হবে মার্কিন শাসনতন্ত্রের ২৫তম সংশোধনীর ভিত্তিতে একটি ‘নজরদারি কমিশন’ গঠন। প্রেসিডেন্ট দায়িত্ব পালনে ব্যর্থ হলে এই কমিশন প্রেসিডেন্টকে ‘অক্ষম’ হিসেবে ঘোষণা করার আইনগত অধিকার রাখবে।
ম্যারিল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জেইমি রাসকিন এই খসড়া আইনের অন্যতম উদ্যোক্তা। রাসকিন ও তাঁর সহযোগীরা যে আইনের কথা বলছেন, তার ভিত্তিতে রয়েছে ১৯৬৭ সালে গৃহীত মার্কিন শাসনতন্ত্রের ২৫তম সংশোধনী। এই সংশোধনী অনুসারে প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা যৌথভাবে সে দায়িত্ব পালনে সক্ষম হবেন। প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণে কংগ্রেসও উদ্যোগ নিতে পারে।
অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন, রিপাবলিকান নিয়ন্ত্রিত চলতি কংগ্রেসে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার সমর্থনে এ রকম আইন প্রণয়নের কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। এমনকি ডেমোক্রেটিক দলের নেতৃত্বের ভেতরেও এমন কোনো উদ্যোগের পক্ষে সমর্থন নেই। কংগ্রেসে দলের নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের কোনো প্রস্তাবও তিনি এই মুহূর্তে সমর্থন করেন না।