এবার তরুণ অভিবাসীদের ওপর কোপ ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষায় বিদ্যমান প্রকল্প ‘ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ সংক্ষেপে ডিএসিএ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এ ঘোষণা দেন। এ ঘোষণার মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই স্বপ্নভঙ্গ হলো ‘ড্রিমারস’ নামে পরিচিত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের। পাঁচ বছর আগে এ ডিএসিএ প্রকল্পের অনুমোদন দিয়েছিল ওবামা প্রশাসন।
ডিএসিএ প্রকল্পের পক্ষে জোরালো সমর্থন সত্ত্বেও তা বাতিলের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রথম তথ্য প্রকাশ করে পলিটিকো। একই সঙ্গে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত শেষ মুহূর্তে বদলাতে পারেন বলেও সে সময় জানায় সংবাদমাধ্যমটি। কিন্তু আজ সব সংশয় দূর করে ডিএসিএ বাতিলের সিদ্ধান্তের কথা জানান জেফ সেশনস।
এ বিষয়ে ঘোষণায় জেফ সেশনস বলেন, ‘বারাক ওবামার সময়ে গৃহীত এ প্রকল্প অভিবাসন আইনের সঙ্গে প্রতারণার শামিল। এটি একটি বিশেষ অংশকে সব ধরনের দায়মুক্তি দিচ্ছে। কিন্তু প্রতি বছর ঠিক কত সংখ্যক অভিবাসীকে গ্রহণ করা হবে, তার একটা সীমা থাকা উচিত। এখানে আসা সবাইকেই আমরা গ্রহণ করতে পারি না।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে এ ডিএসিএ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এ প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ তরুণ অভিবাসীকে সুরক্ষা দেওয়া হয়। ‘ড্রিমারস’ নামে পরিচিত এ তরুণ অভিবাসীদের আমেরিকায় থাকার সুরক্ষা প্রদানের পাশাপাশি প্রকল্পটির আওতায় কাজ ও শিক্ষার সুযোগও দেওয়া হয়। মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে যারা শৈশবে আমেরিকায় পাড়ি জমিয়েছিল, তাদেরই আলাদাভাবে ড্রিমারস বলা হয়। অন্য অনিবন্ধিত অভিবাসীদের চেয়ে এসব অভিবাসীকে বিশেষ দৃষ্টিতে দেখা হয়।
এমনকি ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে ড্রিমারসদের পক্ষে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। গত বছরের নির্বাচনী প্রচারের সময় ডিএসিএ প্রকল্প নিয়ে বিষোদ্‌গার করলেও, ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি তরুণ অভিবাসীদের বিষয়ে নমনীয় হতে শুরু করেন। এমনকি এ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণকে ‘এযাবৎকালের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। আর সর্বশেষ ১ সেপ্টেম্বর তিনি ‘ড্রিমারসদের প্রতি ভালোবাসা’ও জানান। কিন্তু তাঁর এ ভালোবাসা শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ থেকে বাঁচাতে পারেনি ড্রিমারসদের।
ডিএসিএ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ আগে টেক্সাসসহ দশটি অঙ্গরাজ্য হোয়াইট হাউসকে আলটিমেটাম দিয়েছিল। সর্বশেষ ৩ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এ নিয়ে বৈঠক করেন ট্রাম্প।
ডেমোক্র্যাট-রিপাবলিকান নির্বিশেষে বহু আইনপ্রণেতার ড্রিমারসদের পক্ষে অবস্থান রয়েছে। তাঁদের অনেকেই এ প্রকল্প চালু রাখার বিষয়ে একমত। দীর্ঘদিন ধরে মার্কিন শিক্ষা ও কাজের অনুমতি পাওয়া এসব তরুণকে স্থায়ীভাবে আমেরিকায় রেখে দেওয়ার পক্ষেই মত তাঁদের।
ডিএসিএ বাতিল হতে পারে এমন তথ্য জানার পর ভারমন্টের স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স তাঁর টুইটার পোস্টে লিখেছিলেন, ‘ট্রাম্প ডিএসিএ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিলে তা হবে, আধুনিক আমেরিকায় কোনো প্রেসিডেন্টের নেওয়া সবচেয়ে কুৎসিত ও নিষ্ঠুর সিদ্ধান্ত।’ কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প এ ‘নিষ্ঠুর’ সিদ্ধান্তই নিলেন। এতে আইওয়ার রিপাবলিকান সিনেটর স্টিভ কিংয়ের মতো একটি অংশ খুশি হলেও অনেক রিপাবলিকান প্রতিনিধি ও সিনেটরই সন্তুষ্ট নন। এ তালিকায় এমনকি প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানও রয়েছেন। জেফ সেশনসের ঘোষণার পর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা না গেলেও ১ সেপ্টেম্বর এক রেডিও সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ‘আমি আশা করি ট্রাম্প এ প্রকল্প বন্ধ করবেন না। তবে প্রকল্পটি নিয়ে কংগ্রেসের কাজ করা উচিত।’ পল রায়ানের মতো একই মনোভাব রয়েছে ইউটাহর রিপাবলিকান সিনেটর ওরিন হ্যাচ ও অ্যারিজোনার সিনেটর জেফ ফ্ল্যাকেরও।
বিষয়টি নিয়ে রাজনৈতিক ক্ষেত্রের বাইরে বিভিন্ন গুগল, জেনারেল মোটরসের মতো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের দিক থেকেও সমালোচনার শিকার হতে পারেন ট্রাম্প। কারণ এসব প্রতিষ্ঠানের কর্মীদের একটি অংশ হচ্ছে ‘ড্রিমারস’ খ্যাত এ অনিবন্ধিত তরুণ অভিবাসীরা।