এবার দলের ভেতর থেকেই ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ

রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আকাশচুম্বী। নির্বাচনে তাঁকে চ্যালেঞ্জ করবেন—এমন কোনো রিপাবলিকান এত দিন সামনে আসেননি। তবে এই অবস্থা বদলে গেল গতকাল রোববার। সাবেক কংগ্রেস সদস্য ও বর্তমান রেডিও হোস্ট জো ওয়ালশ ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেতে তিনি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রিপাবলিকান পার্টির প্রতি ১০ জনের ৮ জন মনে করেন, ট্রাম্প যা করছেন, ঠিকই করছেন। তবে বাছাইপর্বে ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ওয়ালশই প্রথম রিপাবলিকান নন; তাঁর আগে ম্যাসাচুসেটসের সাবেক রিপাবলিকান গভর্নর উইলিয়াম ওয়েল্ড বাছাইপর্বে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন। অতি মৃদুভাষী ও অপেক্ষাকৃত উদারনৈতিক হিসেবে পরিচিত ওয়েল্ড বাছাইপর্বে ট্রাম্পের বিরুদ্ধে সুবিধা করতে পারবেন, এ কথা কেউ বিশ্বাস করেন না।
কিন্তু ওয়ালশের ব্যাপারটা ভিন্ন। ২০১০ সালে টি-পার্টি সমর্থক হিসেবে কংগ্রেসে নির্বাচিত হওয়ার সময় তাঁর পরিচয় ছিল অতি ডানপন্থী হিসেবে। মাত্র এক দফা এই দায়িত্ব পালন করলেও অতি দক্ষিণপন্থী ও ওবামাবিরোধী অবস্থানের কারণে রিপাবলিকান পার্টির কট্টরপন্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। প্রথম দিকে তিনি ট্রাম্পের উৎসাহী সমর্থক হিসেবেও পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ওয়ালশ দলের ভেতরে-বাইরে ট্রাম্পবিরোধী হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন।
গতকাল এবিসি টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের প্রার্থিতার কারণ ব্যাখ্যা করে ওয়ালশ বলেন, এই মুহূর্তে হোয়াইট হাউসে যে লোকটি রয়েছেন, তিনি কোনোভাবেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তিনি আরও বলেন, ‘আমি ভেবে অবাক হই, এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির কেউ তাঁর বিরুদ্ধাচরণ করতে কেন এগিয়ে আসেনি।’
ওয়ালশ যে ট্রাম্পের বিরুদ্ধে বাছাইপর্বে লড়তে পারেন, এমন একটি আভাস গত সপ্তাহেই মিলেছিল। নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক উপসম্পাদকীয়তে তিনি কোনো রাখঢাক ছাড়াই লেখেন, তিনি একসময় শুধু ট্রাম্পকে সমর্থনই করেননি, তাঁকে এই পর্যায়ে উঠে আসতেও সাহায্য করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমি ট্রাম্পকে বানিয়েছি।’ তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট ওবামার প্রতি যে ব্যক্তিগত আক্রমণ তিনি করেছিলেন, তা ভুল ছিল। সেই ভুলের পথেই ট্রাম্প ক্ষমতায় উঠে এসেছেন।
এবিসি টিভিকে ওয়ালশ বলেন, ‘এই অযোগ্য লোককে সরানো দরকার, সে জন্যই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।’
মুখে না বললেও রিপাবলিকান পার্টির ভেতর ট্রাম্পের প্রতি ক্ষোভ বাড়ছে, ওয়ালশ তার প্রমাণ। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে ট্রাম্পের খামখেয়ালি ব্যবহার দলের সদস্যদের ভেতরে উদ্বেগের সঞ্চার করেছে। বিশেষজ্ঞেরা বলছেন, এর ফলে আমেরিকার অর্থনীতিতে নতুন করে মন্দাবস্থার সূচনা হতে পারে। ট্রাম্পের বর্ণবাদী অবস্থানেরও সমালোচনা করেছেন একাধিক রিপাবলিকান নেতা। এঁদের অন্যতম হলেন ওহাইওর সাবেক গভর্নর জন কেইসিচ ও সাউথ ক্যারোলিনার সাবেক কংগ্রেস সদস্য মার্ক সানফোর্ড। তাঁরা দুজনেই রিপাবলিকান পার্টির বাছাইপর্বে ট্রাম্পের বিরুদ্ধে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যারিজোনার সাবেক সিনেটর জেফ ফ্লেইকের নামও শোনা যাচ্ছে।