
পবিত্র ঈদুল আজহার কারণে এবারের ফোবানা সম্মেলন আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরের হোটেল ডেলটায় অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট নিউইয়র্কে ফোবানা ষ্টিয়ারিং কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কাব্য জলসা ও ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফোবানা সম্মেলনে থাকবে বিভিন্ন রকমের স্টল। এতে অংশগ্রহণ করবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রিয় সংগীত শিল্পীরা।
সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলন ২০১৭ সফল করার জন্য স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আবু জোবায়ের দারা সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশে অবস্থান করছেন। তিনি সেখান থেকে সবার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান সালু ও মোহাম্মদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম সিকদার, কার্যকরী সদস্য কাজী এলিন, অধ্যাপক দেলওয়ার হোসেন, তৈয়মুর জাকারিয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, অ্যাডভোকেট মুনির হোসেন ও আবৃত্তিকার এম এ সাদেক।
টরন্টোতে ৩১তম ফোবানা সম্মেলন সফল হবে বলে আশা করছেন স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ।