অভিযোগ উঠেছে, ১৯৯৪ সালে নিউইয়র্কের এক পার্টিতে ডোনাল্ড ট্রাম্প ১৩ বছরের এক বালিকাকে ধর্ষণ করেছিলেন। এই মর্মে নিউইয়র্কের একটি আদালতে মামলা দায়েরও হয়েছে। বিষয়টি এখন পর্যন্ত গণমাধ্যমে তেমন একটা প্রচার পায়নি। বুধবার লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে অভিযোগকারী মেয়েটির আইনজীবী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। তবে ঘরভর্তি সাংবাদিক উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলন হয়নি। অভিযোগকারীর পক্ষে তাঁর আইনজীবী লিসা ব্লুম বলেন, ‘ট্রাম্পের সমর্থকেরা মেয়েটিকে হত্যার হুমকি দিয়েছেন। সে এখন নিজের জীবনের ব্যাপারে আতঙ্কিত। আজ সারা দিন সে এখানেই ছিল, কিন্তু এখন নিজের মুখ সবার সামনে দেখাতে ভয় পাচ্ছে।’
‘জেইন ডো’ ছদ্মনামে পরিচয় দেওয়া এই মেয়েটি অভিযোগ করেছেন, ১৯৯৪ সালে ধনকুবের জেফরি এপস্টেইন তাঁর ম্যানহাটনের বাড়িতে একটি পার্টির আয়োজন করেন। সেখানেই ট্রাম্প তাঁকে ধর্ষণ করেন। অপরিণত বয়সের বালিকাকে ধর্ষণের অভিযোগে এপস্টেইন ২০০৮ সালে দোষী সাব্যস্ত হন। তবে ট্রাম্প বরাবর ধর্ষণের এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।