এবার নিউইয়র্কে হোক স্থায়ী শহীদ মিনার
রাজধানী ওয়াশিংটন ডিসির অনুসরণের নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনারের স্বপ্ন পূরণ করা সম্ভব। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের সীমানা দেয়ালের ভেতরে অর্থাৎ প্রবেশ পথেরই একপাশে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যার উদ্বোধন হয়েছে এবারের একুশে ফেব্রুয়ারি। একইভাবে নিউইয়র্ক সিটির ম্যানহাটনেও নিজস্ব ভবন কেনা দরকার, যে ভবনের সামনে অথবা যেকোনো পাশে খোলা জায়গা থাকবে এবং সেখানেই শহীদ মিনার নির্মাণ করা যাবে।
প্রবাসীরা কনস্যুলেট ভবন কেনার পরিকল্পনার মধ্যেই এমন দাবি জানিয়ে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে, নিজস্ব ভবনে কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের। দেড় দশকের বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু পছন্দের ভবন খুঁজে না পাওয়ায় আজও তা দৃশ্যমান হয়নি।
নিউইয়র্ক সিটি কাউন্সিলে বিল পাশের মাধ্যমে যেকোনো পার্কে শহীদ মিনার নির্মাণের পথ সুগম করার শক্তি এখনো কমিউনিটিতে অর্জিত হয়নি। কারণ, এই সিটিতে শহীদ মিনারের মতো স্থাপত্য নির্মাণের বিপক্ষে বিধি রয়েছে। সম্প্রতি বহু পার্কের স্মৃতিসৌধ অথবা ইতিহাসের নায়কদের স্থাপত্য ভেঙে ফেলার দাবি উঠেছে। অনেক কিছু গুঁড়িয়ে ফেলা হয়েছে। এ অবস্থায় শহীদ মিনার স্থাপনের অনুমতি আদায় করা একেবারেই অসম্ভব।
নিজস্ব ভবনে কনস্যুলেট অফিসের প্রত্যাশা পূরণের মধ্যেই যাতে জাতিসংঘের শহরে শহীদ মিনারের স্বপ্নও পূরণ হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সোচ্চার হওয়া জরুরি।
সর্বশেষ গত সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলাদেশ মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর একটি ভবন খুঁজে দিতে প্রবাসীদের প্রতিও আহ্বান জানিয়েছেন। কনস্যুলেট অথবা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রবাসীরাও একটি সুন্দর ভবন খুঁজে দিতে কাজ করতে পারেন।
খুঁজে পছন্দ করা কয়েকটি ভবন পরিদর্শন ও মূল্য যাচাই করতে ঢাকা থেকে মধ্য ফেব্রুয়ারিতে একটি দল নিউইয়র্কে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
ইতিপূর্বে টেক্সাসের হিউস্টন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, নিউজার্সির প্যাটারসনে স্থায়ী শহীদ মিনার হয়েছে। এবার তালিকায় যুক্ত হলো ওয়াশিংটন ডিসি। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের শহরে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ জরুরি হয়ে পড়েছে। অথচ কমিউনিটি ঐক্যবদ্ধ না হওয়ায় সিটি কাউন্সিল কিংবা অঙ্গরাজ্য পার্লামেন্টে বাংলাদেশিরা নির্বাচিত হয়ে বসতে পারছেন না। ফলে অনেক কিছুই আদায় করা সম্ভব হচ্ছে না।
অথচ নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনদের বড় একটি অংশ নাগরিকত্ব নিয়েছেন এবং ভোটার হিসেবেও তালিকাভুক্ত হয়েছেন। দলমত-আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে জাতিগতভাবে ঐক্য গড়তে পারলে জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ওজোন পার্ক, ব্রঙ্কস ও ব্রুকলিন থেকে সিটি কাউন্সিলম্যান/স্টেট অ্যাসেম্বলিম্যান, স্টেট সিনেটর পদে জয়ী হওয়া কঠিন কোনো ব্যাপার নয় বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।