এবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পালা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁর এই সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না। ওয়াশিংটন পোস্ট গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা সম্পর্ক অবগত এমন পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, ম্যাকমাস্টারকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে অন্য কাউকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ম্যাকমাস্টারের স্থলে ট্রাম্প কয়েকজনকে বিবেচনা করছেন। তাঁদের মধ্যে জাতিসংঘে সাবেক মার্কিন দূত জন বোল্টন ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ অব স্টাফ কিথ কেলোগ আছেন।
ওয়াশিংটন পোস্ট বলছে, ম্যাকমাস্টারকে শিগগির সরানোর সম্ভাবনা নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে পরিবর্তন আনার ক্ষেত্রে ট্রাম্প সময় নিতে চান। কারণ, ম্যাকমাস্টারকে অবমাননা করা এড়াতে চান ট্রাম্প। তা ছাড়া এই পদে একজন দক্ষ ব্যক্তিকে সতর্কতার সঙ্গে বাছাই করতে চান তিনি।
খবরটির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।
গত মঙ্গলবার ট্রাম্প এক টুইটের মাধ্যমে তাঁর পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। সামনে প্রশাসনের শীর্ষস্থানীয় পদে আরও রদবদল আসতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প।
টিলারসন হয় পদত্যাগ করছেন অথবা পদচ্যুত হচ্ছেন—এই নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই ছিল। কারণ, এক্সন মোবিল কোম্পানির এই সাবেক প্রধান নির্বাহী ট্রাম্পের নেতৃত্বে কখনোই খুব স্বস্তি বোধ করেননি।
সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, টিলারসনের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। তিনি বিশেষভাবে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করেছেন। ট্রাম্প এই বহুপক্ষীয় চুক্তিকে বাতিল করতে চান। আর টিলারসন চুক্তিটি অক্ষত রেখে তার সংস্কার চেয়েছিলেন। উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার প্রশ্নেও তাঁদের স্পষ্ট মতভেদ লক্ষ করা যায়।
ট্রাম্প প্রশাসনে অদলবদল কোনো বিস্ময়কর বিষয় নয়। ১৪ মাসের কিছু বেশি সময়ে প্রশাসন এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট কমপক্ষে ২৩ জন হয় পদত্যাগ করেছেন বা পদচ্যুত হয়েছেন। গত দুই সপ্তাহেই গেছেন পাঁচজন।